গুগল-এ একটি মাত্র শব্দ সার্চ করেই হতবাক হয়ে গেলেন বহু ব্যবহারকারী। ২২ মে হঠাৎ করেই 'ডিসরিগার্ড' শব্দটি সার্চ করার পর অনেকের স্ক্রিনে দেখা যায় অদ্ভুত এক উত্তর। গুগল যেন মানুষের মতো করে উত্তর দিচ্ছে! আর সেই ঘটনাই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ব্যবহারকারীরা জানিয়েছেন, ডিসরিগার্ড লিখে সার্চ করতেই Google-এর AI Overview এমন কিছু প্রতিক্রিয়া দেখাচ্ছিল যা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে। কেউ কেউ স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, সার্চ ইঞ্জিনটি যেন ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন করার চেষ্টা করছে। বিষয়টি দেখে প্রথমে অনেকে ভয় পেয়ে যান, আবার কেউ মজা করতে শুরু করেন।

আসলে গত কয়েক বছর ধরে Google তাদের সার্চ-এ এআইকে ব্যবহার করছে৷ এর ফলে শুধুমাত্র লিঙ্ক দেখানোর বদলে Google এখন অনেক সময় নিজেই উত্তর তৈরি করে দিচ্ছে। কোম্পানির দাবি, এতে ব্যবহারকারীদের দ্রুত তথ্য খুঁজে পেতে সুবিধা হয়। তবে মাঝেমধ্যে ভুল বা অদ্ভুত প্রতিক্রিয়াও দেখাচ্ছে, যা নিয়ে আগেও সমালোচনা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, AI যত বেশি মানবসদৃশ আচরণ করবে, ততই এই ধরনের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া সামনে আসতে পারে। কারণ AI সবসময় প্রসঙ্গ বা শব্দের ব্যবহার ঠিকভাবে বুঝতে পারে না। ফলে সাধারণ একটি শব্দও কখনও কখনও বিভ্রান্তিকর ফলাফল তৈরি করতে পারে। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, এখনও তা পুরোপুরি নিখুঁত নয়। আর সেই কারণেই Google-এর এই অদ্ভুত উত্তর এখন গোটা ইন্টারনেটের চর্চার বিষয়৷















