অনেকেই নতুন কারও সঙ্গে আলাপ হওয়ার কিছুক্ষণ পরেই তার নাম ভুলে যান। এতে অনেক সময় অস্বস্তিতেও পড়তে হয়। যার কারণ হিসেবে স্মৃতিশক্তিকে দায়ী করা হয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় এবিষয়ে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। নাম ভুলে যাওয়ার জন্য স্মৃতিশক্তি নয়, আসলে দায়ী মনোযোগের অভাব।
বিশেষজ্ঞদের মতে, যখন আমরা প্রথমবার কারও সঙ্গে দেখা করি, তখন আমাদের মস্তিষ্ক একসঙ্গে অনেক কিছু গ্রহণ করতে থাকে। আমরা সেই ব্যক্তির চেহারা, কথা বলার ধরন, পোশাক, এমনকি নিজের প্রতিক্রিয়াও ভাবতে থাকি। এই ভিড়ের মধ্যে নামটি ঠিকভাবে মনে রাখার মতো মনোযোগ দিতে পারি না। ফলে নামটি মস্তিষ্কে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারে না।
গবেষকরা বলছেন, এই সমস্যাকে 'অ্যাটেনশন গ্যাপ' বা মনোযোগের ফাঁক বলা হয়। অর্থাৎ আপনি নামটি শুনেছেন ঠিকই, কিন্তু সেই মুহূর্তে পুরো মনোযোগ না থাকায় সেটি স্মৃতিতে জমা হয়নি। তাই পরে মনে করতে গেলে আর খুঁজে পাওয়া যায় না।
তবে এই সমস্যার সমাধানও রয়েছে, আর তা খুবই সহজ। প্রথমত, কেউ নিজের নাম বললে সেই মুহূর্তে অন্য সব চিন্তা সরিয়ে রেখে মন দিয়ে শোনার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, নামটি মনে মনে বা ধীরে একবার বললে তা মনে গেঁথে যায়।
এছাড়া কথোপকথনের সময় নামটি ব্যবহার করা খুবই কার্যকর। যেমন, 'আপনার সঙ্গে পরিচয় হয়ে ভাল লাগল, অমিত'-এভাবে বললে নামটি সহজে ভুলে যাওয়ার সম্ভাবনা কমে। বিশেষজ্ঞরা আরও বলছেন, নামের সঙ্গে কোনও পরিচিত ব্যক্তি বা জিনিসের মিল খুঁজে নিলে সেটি মনে রাখা সহজ হয়।
আরেকটি কৌশল হল ভিজ্যুয়ালাইজেশন বা কল্পনা করা। নাম শুনে একটি ছবি কল্পনা করলে মস্তিষ্ক দ্রুত তা ধরে রাখতে পারে।
সবশেষে বিশেষজ্ঞদের পরামর্শ, নাম ভুলে গেলে নিজেকে দোষারোপ করার কোনআও কারণ নেই। এটি খুব সাধারণ একটি অভ্যাস। বরং একটু সচেতন হয়ে মনোযোগ বাড়ালেই এই সমস্যার সহজ সমাধান সম্ভব।
তাই পরেরবার কারও সঙ্গে নতুন করে পরিচয় হলে, শুধু একটু বেশি মন দিয়ে তার নাম শুনুন। দেখবেন, আর সহজে ভুলে যাচ্ছেন না।
















