গরমের দুপুরে এক গ্লাস ঠান্ডা কফি বা কোল্ড কফি নিমেষেই শরীর ও মন জুড়িয়ে দেয়। জনপ্রিয় শেফ কুনাল কাপুর বাড়িতেই ক্যাফে স্টাইল কোল্ড কফি তৈরির তিনটি দারুণ রেসিপি শেয়ার করেছেন। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনিও ঝটপট এই পানীয়গুলো বানিয়ে নিতে পারেন।

ক্লাসিক কোল্ড কফি

এটি সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি। যারা কফির আসল স্বাদ পছন্দ করেন, তাঁদের জন্য এটি সেরা।

উপকরণ: ১ কাপ ঠান্ডা দুধ, ২ চা চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ চিনি এবং কয়েক টুকরো বরফ।

কীভাবে বানাবেন: একটি ব্লেন্ডারে দুধ, চিনি এবং কফি পাউডার নিন। এবার এতে বরফের টুকরো দিয়ে ভাল করে ব্লেন্ড করুন যতক্ষণ না উপরে ঘন ফেনা তৈরি হচ্ছে। গ্লাসে ঢেলে উপর থেকে সামান্য কফি পাউডার ছড়িয়ে পরিবেশন করুন।

মোকা ফ্র্যাপুচিনো 

চকোলেট এবং কফির এই মিশ্রণটি ছোট-বড় সকলেরই খুব প্রিয়। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু।

উপকরণঃ ১ কাপ দুধ, ১ টেবিল চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ চকোলেট সিরাপ (বা কোকো পাউডার), চিনি এবং বরফ।

কীভাবে বানাবেন: ব্লেন্ডারে দুধ, কফি এবং চকোলেট সিরাপ মিশিয়ে নিন। স্বাদমতো চিনি ও বরফ দিয়ে ব্লেন্ড করুন। পরিবেশন করার আগে গ্লাসের ভেতরের দেওয়ালে চকোলেট সিরাপ দিয়ে একটু নকশা করে নিন। কফি ঢেলে উপরে সামান্য চকোলেট চিপস ছড়িয়ে দিলে একদম দোকানের মতো দেখাবে।

ক্যারামেল ফ্র্যাপুচিনো

যাঁরা একটু মিষ্টি এবং রাজকীয় স্বাদ পছন্দ করেন, তাঁদের জন্য ক্যারামেল ফ্র্যাপুচিনো একদম উপযুক্ত।

উপকরণঃ ১ কাপ দুধ, ১ টেবিল চামচ কফি, ২ টেবিল চামচ ক্যারামেল সস, চিনি এবং প্রচুর বরফ।

কীভাবে বানাবেন: ব্লেন্ডারে দুধ, কফি এবং ক্যারামেল সস দিয়ে দিন। এবার বরফ মিশিয়ে ঘন ফেনা হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে উপর থেকে আরও কিছুটা ক্যারামেল সস দিয়ে সাজিয়ে নিন।

কোল্ড কফির জন্য শেফ কুনাল কাপুরের কয়েকটি বিশেষ টিপসও দিয়েছেন। যা হল-

১. আইসক্রিমের ব্যবহার: কফিকে আরও ঘন এবং ক্রিমি করতে চাইলে ব্লেন্ড করার সময় এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিতে পারেন।

২. চিনির সিরাপ: সরাসরি দানাদার চিনি ব্যবহারের বদলে যদি চিনির সিরাপ (জলে চিনি ফুটিয়ে ঠান্ডা করা) ব্যবহার করেন, তবে তা কফির সঙ্গে খুব দ্রুত মিশে যায় এবং স্বাদ আরও বাড়ে।

এই প্রচণ্ড গরমে বাইরে না গিয়ে বাড়িতেই এই তিন ধরণের কোল্ড কফি ট্রাই করে দেখতে পারেন। যা শুধু আপনার তৃষ্ণাই মেটাবে না, একইসঙ্গে বিকেলের আড্ডাকে আরও জমিয়ে দেবে।