মহাকাশে থাকাকালীন হঠাৎ করেই কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন নাসার অভিজ্ঞ নভোচারী মাইক ফিনকে। কেন এমন ঘটেছিল তার কারণ আজও স্পষ্ট নয় চিকিৎসকদের কাছে।
চারবার মহাকাশ অভিযানে অংশ নেওয়া ৫৯ বছর বয়সী ফিনকে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "গত ৭ জানুয়ারি রাতের খাবার খাচ্ছিলেন তিনি। পরের দিন একটি স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎই তাঁর কথা বন্ধ হয়ে যায়। কোনো ব্যথা অনুভব না করলেও সহ-নভোচারীরা তাঁর অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে পৃথিবীর ফ্লাইট সার্জনদের সঙ্গে যোগাযোগ করেন।"
তিনি আরও বলেন, “একেবারে অপ্রত্যাশিত ছিল। অবিশ্বাস্য দ্রুততায় ঘটেছিল,” বলেন ফিনকে। প্রায় ২০ মিনিট কোনও কথা বলতে পারছিলেন না৷ স্টেশনের ছয়জন ক্রু সদস্যই মুহূর্তের মধ্যে তাঁর কাছে ছুটে আসেন।
চিকিৎসকরা হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং শ্বাসরোধও হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফিনকের মোট ৫৪৯ দিনের ভারহীন পরিবেশে থাকার অভিজ্ঞতার সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। স্পেস স্টেশনের আল্ট্রাসাউন্ড যন্ত্র সেই মুহূর্তে কাজে লেগেছিল এবং পৃথিবীতে ফেরার পর ফিনকের একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে৷
এই ঘটনার জেরে পরদিনের পরিকল্পিত স্পেসওয়াক বাতিল করা হয় — যা ফিনকের সহ-নভোচারী জেনা কার্ডম্যানের প্রথম স্পেসওয়াক হওয়ার কথা ছিল। ক্রু-১১ মিশন এক মাসেরও বেশি আগে ১৫ জানুয়ারি শেষ করা হয় এবং নভোচারীরা সরাসরি হাসপাতালে ভর্তি হন। নাসা এখন অন্যান্য নভোচারীদের পুরনো মেডিকেল রেকর্ড পর্যালোচনা করছে, যাতে মহাকাশে অনুরূপ কোনো ঘটনা আগে ঘটেছে কিনা তা জানা যায়। বর্তমানে সুস্থ ফিনকে বলেছেন, এই ঘটনা তাঁকে ব্যক্তিগতভাবে ভাবিয়েছে৷















