মানসিক চাপ, উদ্বেগ আর কাজের ব্যস্ততার মাঝে অনেকেই দিন শুরু করেন তাড়াহুড়ো করে। এতে শুধু শরীর নয়, মনের ওপরও বড় প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুটা ঠিকভাবে করতে পারলে মানসিক স্বাস্থ্যে বড় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে সকালের কয়েকটি সহজ অভ্যাস মন-মেজাজ চাঙ্গা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, ঘুম থেকে উঠেই মোবাইল ফোন হাতে নেওয়া উচিত নয়। বরং নিজের মনে ইতিবাচক কিছু কথা বলা ভাল। যেমন, 'আজ আমি শান্ত থাকব' বা 'আজকের দিনটা ভাল কাটবে।' এতে মস্তিষ্ক ইতিবাচক সংকেত পায় এবং উদ্বেগ কমতে শুরু করে।
সকালে অন্তত ৫-১০ মিনিট সূর্যের আলোতে থাকা জরুরি। প্রাকৃতিক আলো শরীরে সেরোটোনিন হরমোন বাড়াতে সাহায্য করে, যা মন ভাল রাখে। বারান্দা, ছাদ বা রাস্তায় হালকা হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই চাঙা হয়।
সকালের হালকা ব্যায়াম বা স্ট্রেচিংও খুব উপকারী। এতে রক্তসঞ্চালন বাড়ে, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছয় বেশি পরিমাণে, ফলে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ে। যাঁদের কাজের চাপ বেশি, তাঁদের জন্য এই অভ্যাস বিশেষভাবে কার্যকর।
সকালে উঠে প্রথমেই এক গ্লাস জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। সারা রাত ঘুমের পর শরীর জলশূন্য হয়ে পড়ে। জল খেলে শরীর সতেজ হয় এবং ক্লান্তি কমে।
খাবারের ক্ষেত্রেও রয়েছে সতর্কতা। সকালে প্রোটিন-সমৃদ্ধ খাবার যেমন ডিম, দই, বাদাম বা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খাওয়া ভাল। এতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং হঠাৎ ক্লান্তি আসে না। অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলা উচিত।
এছাড়া, দিনে কয়েকবার নিজেকে একটি প্রশ্ন করতে বলেন বিশেষজ্ঞরা। যেমন, 'আমি যা করছি, তা কি আমার মস্তিষ্কের জন্য ভাল?' এই সচেতনতা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে। তাই দিনের শুরুটা সচেতনভাবে করলে মানসিক চাপ কমে, মন ভাল থাকে এবং কাজের দক্ষতাও বাড়ে।
