৪ লক্ষ কিটক্যাট চুরি! ‘চকোলেট ডাকাতি’র ঘটনায় নেটপাড়ায় হাসির রোল। ইউরোপে ঘটে গেল এক অবাক করা চুরির ঘটনা—গয়না বা টাকা নয়, একেবারে ৪ লক্ষেরও বেশি কিটক্যাট চকোলেট বার উধাও! এই অদ্ভুত ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে।
সূত্রের খবর, ইতালি থেকে পোল্যান্ডে যাওয়ার পথে একটি ট্রাকে করে প্রায় ১২ টন (৪,১৩,৭৯৩টি) কিটক্যাট বার পাঠানো হচ্ছিল। কিন্তু মাঝপথেই রহস্যজনকভাবে ট্রাকটি নিখোঁজ হয়ে যায়। এখনও পর্যন্ত ট্রাক বা চকোলেটের কোনও খোঁজ মেলেনি।
ট্রাকভর্তি ছিল বিশেষ এডিশনের ফর্মুলা ওয়ান-থিমযুক্ত কিটক্যাট, যা ইউরোপ জুড়ে বিতরণের কথা ছিল।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কিটক্যাট প্রস্তুতকারী সংস্থা নেস্টলে মজার ছলে জানায়,
“আমরা সবসময় বলি, হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ কিটক্যাট—কিন্তু মনে হচ্ছে চোরেরা সেটাকে একটু বেশিই সিরিয়াসলি নিয়েছে!”
তবে সংস্থাটি এটাও স্পষ্ট করেছে যে, এই ঘটনা মোটেই হালকা ভাবে নেওয়ার মতো নয়। তাঁদের মতে, এই ধরনের চুরি এখন ব্যবসার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসির রোল।
অনেকেই লিখছেন—“চোরেরা সত্যিই স্বাদের কদর বোঝে” আবার কেউ বলছেন, “এবার সত্যিই ব্রেক নিয়ে নিল!”
এই অদ্ভুত চকোলেট চুরি একদিকে যেমন তদন্তের বিষয়, তেমনই অন্যদিকে এটি এখন ইন্টারনেটের নতুন ভাইরাল ট্রেন্ড। তবে ট্রাকভর্তি চকোলেট কোথায় কীভাবে গায়েব হল সেই ঘটনা তদন্তসাপেক্ষ।















