ধর্মীয় অনুষ্ঠানে নর্মদা নদীতে হাজার হাজার লিটার দুধ ঢালা হয়েছে৷ এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে৷ ধর্মবিশ্বাস, পরিবেশগত দায়িত্ব ও সম্পদের অপব্যবহার নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, নর্মদা নদীর তীরে বিশাল জনসমাগম হয়েছে এবং একটি ট্যাঙ্কার থেকে সরাসরি নদীতে দুধ ঢালা হচ্ছে, আর ভক্তরা তা দেখছেন। এক্স-এ শেয়ার করা পোস্ট অনুযায়ী, এই অনুষ্ঠানে প্রায় ১১,০০০ লিটার দুধ নর্মদা নদীতে ঢালা হয়েছে৷ এই দুধের বাজারমূল্য প্রায় সাড়ে  পাঁচ থেকে সাড়ে সাত লক্ষ টাকা হতে পারে বলে দাবি। 

পিয়ুষ রাই নামের একজন ব্যবহারকারীর শেয়ার করা ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে দেখা যায় ভক্তরা একজন পুরোহিতের সঙ্গে কিছু আচার-অনুষ্ঠান পালন করছেন। 

যদিও বেশ কয়েকজন এই প্রথার নিন্দা করেছেন। কেউ কেউ আবার বিশ্বাসের জায়গা থেকে সমর্থন করেছেন। সমালোচকরা যুক্তি দিয়েছেন যে, পরিবেশের ক্ষতি বা খাদ্য অপচয়ের বিনিময়ে ধর্মীয় বিশ্বাসকে স্থান দেওয়া উচিত নয়।

একটি মন্তব্যে লেখা ছিল, “পরিবেশ ধ্বংস করছে আর ভাবছে ভালো কাজ করছে।” আরেকজন লিখেছেন,  “বিদেশে এই কাজ করার চেষ্টা করলে এই সমস্ত লোক জেলে যেত।”

অনেকে সরকারি হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন, একজন ব্যবহারকারী বলেছেন, “বিশ্বাসের নামে নর্মদায় দুগ্ধজাত পণ্য ঢালা অপচয়, জনসচেতনতা ও নদীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ।”