আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অভিষেক ব্যানার্জিকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরে (ইডি)। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের থেকে বেশকিছু নথি তলব করেছে ইডি। 'লিপস এন্ড বাউন্স' সংক্রান্ত বেশকিছু নথি চেয়ে পাঠান হয়েছে বলে খবর। 'লিপ্স এন্ড বাউন্স'-এর সম্পত্তি ভাড়া দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত নথি চেয়ে পাঠান হয় অভিষেক ব্যানার্জির কাছে। জানা গিয়েছে, সেইসব নথি খতিয়ে দেখা হবে ইডির পক্ষ থেকে। ইতিমধ্যেই সোমবার অভিষেকের দেওয়া বয়ান খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অভিষেক ব্যানার্জিকে প্রায় ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জানা গিয়েছে, দুই দফায় অভিষেককে জিজ্ঞাসাবাদে মোটামুটি সন্তুষ্ট ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, বারো পাতার তালিকা ধরে ধরে প্রশ্ন করা হয় অভিষেক ব্যানার্জিকে। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, ভিডিওগ্রাফি করা হয়। সেই জিজ্ঞাসাবাদের ভিডিও দিল্লিতে পাঠানো হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সন্তুষ্ট দিল্লি বলেই খবর।
জানা গিয়েছে, ইডি অভিষেক ব্যানার্জির সমস্ত বয়ান আলাদা আলাদা ভাবে খতিয়ে দেখবে। এই বয়ান খতিয়ে দেখার পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পরবর্তীতে যদি কোন রকম গরমিল মেলে তাহলে চলতি সপ্তাহে ফের তলব করা হতে পারে তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড'-কে।
সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেনা আগ্রাসী মেজাজে ধরা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি স্পষ্ট জানান, "যারা মানুষের স্বার্থে লড়াই করে, তারা কোনও চাপের কাছে মাথা নত করবে না, আত্মসমর্পণও করবে না। গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক নই।"
অভিষেক ব্যানার্জি মনে করিয়ে দেন যে, কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হওয়া তাঁর কাছে নতুন কিছু নয়। তিনি জানান, এর আগেও তিনি একাধিকবার তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছেন। দিল্লিতেও তাঁকে দু’বার তলব করা হয়েছিল এবং তিনি দু’বারই গিয়েছেন। সব মিলিয়ে প্রায় ১০-১২ বার হাজিরা দিয়েছেন। আজকেও তদন্তে সর্বতোভাবে সহযোগিতা করেছেন এবং প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছি। ভবিষ্যতেও ডাকলে তিনি আবার আসবেন।
তদন্তের আড়ালে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন অভিষেক। ক্ষোভ উগরেলেও অবশ্য এক্ষেত্রে সরাসরি বিজেপির নাম করেননি তিনি। অভিষেক ব্যানার্জি বলেছেন, "বিজেপিকে নিয়ে যত কম বলা যায়, ততই ভালো। গত এক মাস ধরে বিরোধী শক্তিকে ভয় দেখিয়ে, দুর্বল করে পশ্চিমবঙ্গকে বিরোধীশূন্য করার একটা ধারাবাহিক চেষ্টা চলছে। যারা মাথা নত করতে রাজি নয়, তাদের চুপ করিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে।"















