আজকাল ওয়েবডেস্ক: UPSC সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা রবিবার। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী রবিবার ব্লু লাইন এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই দিন সকাল ৭টা থেকেই ব্লু লাইন এবং গ্রিন লাইনে মেট্রো চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে। মেট্রো রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, UPSC পরীক্ষার দিন ভোরবেলায় বিপুল সংখ্যক পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যদের যাতায়াতের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অতিরিক্ত পরিষেবা চালানো হলেও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না।
ব্লু লাইনে বাড়ছে ট্রেন সংখ্যা:
সাধারণত রবিবার করে ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চালানো হয়। তবে ২৪ মে বিশেষ ব্যবস্থায় সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ১৬০। অর্থাৎ আপ এবং ডাউন মিলিয়ে অতিরিক্ত ৮টি পরিষেবা পাবেন যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর আপ ও ডাউন উভয় দিকেই ট্রেন চলবে। এরপর থেকে স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুযায়ী মেট্রো চালানো হবে।
সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো (সাধারণত যা সকাল ৯টায় ছাড়ে)
সকাল ৭টায় নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম
সকাল ৭টায় মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
গ্রিন লাইনে অতিরিক্ত পরিষেবা:
শুধু ব্লু লাইন নয়, গ্রিন লাইনেও বাড়ানো হচ্ছে পরিষেবার সংখ্যা। রবিবার সাধারণত যেখানে ১০৮টি ট্রেন চালানো হয় হাওড়া ময়দান-সেক্টর ফাইভ শাখায় সেখানে ২৪ মে চলবে মোট ১১৬টি মেট্রো। অর্থাৎ আপ ও ডাউন মিলিয়ে অতিরিক্ত ৮টি মেট্রো পাওয়া যাবে।
এই শাখাতেও সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর স্বাভাবিক রবিবারের সময়সূচি কার্যকর হবে।
সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
সকাল ৭.০২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা চালু হলেও ইয়েলো লাইনে স্বাভাবিক রবিবারের পরিষেবা বজায় থাকবে। তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ওই দিন কোনও মেট্রো চলবে না।















