দীক্ষা ভুঁইয়া: মঙ্গলবার ভবানীভবনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই পুলিশকর্মীদের জন্য ঘোষণা করলেন 'পুজোর উপহার'। একইসঙ্গে তাদের ভূয়সী প্রশংসাও করলেন।
এদিন ভবানী ভবনে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে চারটি আলাদা আলাদা টোল-ফ্রি / হেল্পলাইন নম্বরের উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী।
নম্বরগুলি হল——
কাটমানি—১৫৫৩৩৪
সিন্ডিকেট ক্রাইম —১৫৫৩৩৫
বেআইনি রোড ট্যাক্স/টোল আদায়—১৫৫৩৩৭
বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ —১৫৫৩৩৯
পাশাপাশি ভবানী ভবনে রাজ্য এবং কলকাতা পুলিশকর্মীদের জন্য একাধিক ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ট্রাফিক ও বাইরে দায়িত্ব পালনকারী পুলিশকর্মীদের হাতে তুলে দিলেন ছাতা, রেনকোট ও গাম্বুট। মুখ্যমন্ত্রী এদিন পুলিশ কর্মীদের উদ্দেশে বলেন, 'ট্রাফিক ও বাইরের ডিউটিতে থাকা পুলিশকর্মীদের জন্য ছাতা, রেনকোট ও গাম্বুটের ব্যবস্থা করা হয়েছে।' পাশাপাশি পুলিশের রেশন ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার ঘোষণা করেন তিনি। এদিন বলেন, 'এছাড়া আপনাদের রেশনের জন্য যে ১,৫০০ টাকা অনুদান দেওয়া হত, তা বাড়িয়ে ২,০০০ টাকা করা হল। এটাকে পুজোর উপহার হিসেবেই দিলাম।'
এদিন পুলিশ বাহিনীর উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন-কোনও পরিস্থিতিতেই পুলিশকে ইউনিফর্ম খুলিয়ে রাজনৈতিক সভা বা মিছিলে ব্যবহার করা হবে না। তাঁর কথায়, পুলিশকে পেশাদার বাহিনী হিসেবেই কাজ করতে দেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভবানী ভবনে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তিনি জানান, রাজ্যে মোট ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে পুলিশের প্রায় ৫৭ হাজার পদ শূন্য রয়েছে বলেও জানান তিনি।
















