আজকাল ওয়েবডেস্ক: রাজভবনের সামনে দুর্ঘটনা। সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম কলকাতা পুরসভার কর্মী। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, হাওড়া থেকে রওনা দিয়ে ২৬এ সরকারি বাস কামালগাজির দিকে যাচ্ছিল। রাজভবন থেকে বাঁদিকে ঘুরে কেসি দাস মোড়ের দিকে যাওয়ার সময় বিপত্তি ঘটে।
সেই সময় পিছন থেকে একটি মোটরবাইক বাসটিকে ওভারটেক করে সোজা রেড রোডের দিকে বেরোনোর চেষ্টা করে। চাকার তলায় চলে যায় মোটরবাইক চালক। দুমড়ে-মুছড়ে গিয়েছে বাইকটিও।
পুরসভার কর্মীর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার বেলা ১২:৩০ নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই কর্মী ডান পায়ে গুরুতর চোট পেয়েছেন।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।















