আজকাল ওয়েবডেস্ক: বিক্ষোভ, ভাঙন, ভরাডুবির মাঝে কি নতুন করে ঘর গোছানোর পালা? পরিস্থিতি দকেহে শূন্য থেকে শুরু করতে চলেছেন দলনেত্রী? তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্ট, সেই জল্পনাকেই উসকে দিল। 

একদিকে যখন ঋতব্রতরা স্পিকারের কাছে গেলেন, ৫৮ বিধায়কের সই নিয়ে। জানালেন অভিষেকের চিঠিতে যাঁদের নাম উল্লিখিত ছিল, তাঁরা মানছেন না তা। ঠিক সেই সময়েই তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় জানাল, চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং এর সমস্ত সহযোগী সংগঠন ভেঙে দেওয়া হল। অর্থাৎ ছাত্র, যুব, মহিলা-সহ দলের যে নানা সংগঠন ছিল, সব ভেঙে দিল দল। এই বার্তা দলীয় নেত্রীর কথায় আগেও পাওয়া গিয়েছিল, তিনি যখন বলেছিলেন, যাঁরা চলে যাবে এই দুঃসময়ে, তাঁরা চলে যয়ায়ার পর, যাঁরা থাকবেন, তাঁদের নিয়েই ঘর গোছাবেন তিনি। 

সঙ্গেই জানানো হয়েছে- দল প্রতিটি স্তরে আত্মসমীক্ষা, কর্মসম্পাদন পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়ন করবে। এই পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে মূল সংগঠন এবং সমস্ত সহযোগী সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে যথাসময়ে তা ঘোষণা করা হবে।  একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, দুর্দিনে কারা রইলেন সঙ্গে, কারা রইলেন না, সেদিকে নজর দিয়ে, এবার ঘর গোছাবেন মমতা। ওই পোস্টে লেখা হয়েছে, 'দল তার সংগঠনকে শক্তিশালী করতে এবং নতুন উদ্যম ও উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'