আজকাল ওয়েবডেস্ক: ২০১১ থেকে ২০২৬। বাংলার মসনদে ছিল তৃণমূল কংগ্রেস। সেই দল এবার থেমেছে ৮০ আসনে। দলের বহু নেতা বিজেপি ক্ষমতায় আসতেই অভিষেক ব্যানার্জি, আই প্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছেন ঘুরে দাঁড়ানোর। বৈঠকে বসছেন পরপর। মঙ্গলবারেই ডিজিটাল যোদ্ধাদের নিয়ে বৈঠকে বসেন মমতা-অভিষেক। মাঠে-ময়দানের পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় দলের কথা, বাংলার কথা তুলে ধরার জন্য 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, মঙ্গলের বৈঠকে, পুরনো কমিটি ভেঙে, দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ জনকে। তালিকায় দেবাংশু ভট্টাচার্য, উপাসনা চৌধুরী, নবারুণ ভট্টাচার্য-সহ পাঁচ জন। 

সূত্রের খবর, এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, যাঁরা লড়াই করবেন, দলের হয়ে। দল পাশে থাকবে তাঁদের। পাশে থাকবে আইনি ভাবেও। 

 

ভোটে হেরেছেন। তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ২৬-এর বিধানসভা ভোটে নিজের কেন্দ্রেও জিততে পারেননি। ভরাডুবি হয়েছে তাঁর মা-মাটি-মানুষের 'তৃণমূল'-এর। তৃণমূল স্তরেও দল হেরেছে নির্মম ভাবে। তারপর থেকেই তৃণমূলের বহু নেতারাও আবার দল নিয়ে, আই-প্যাক এবং অভিষেকের ভূমিকা নিয়ে প্রশ্ন  তুলছেন। যদিও দলনেত্রী সাফ বার্তা দিয়েছেন, 'রাস্তাই রাস্তা দেখাবে'। সকল বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডাকও দিয়েছেন। পরপর বৈঠকেও বসছেন মমতা-অভিষেক।

এসবের মাঝেই, মঙ্গলে সামনে এল মমতা ব্যানার্জির লেখা একটি কবিতা। এর আগেও বিপুল লেখালিখি করেছেন তিনি। বই বেরিয়েছে। সেই বই নিয়ে নিজে আলোচনাও করেছেন একাধিকবার। তবে ভোটে হারার  পর, এই প্রথম প্রকাশ্যে এল তাঁর লেখা।

 

ওয়াকিবহাল মহলের মতে, ঘুরে দাঁড়ানোর যে বার্তা দলনেত্রী দিচ্ছেন, সেকথাই কবিতার আকারে আরও একবার সামনে আনলেন। দলীয় কর্মী-সমর্থকদের মনে বিশ্বাস জাগাতে, ভরসা জাগাতে চাইলেন কয়েক লাইনের মাধ্যমেই। 

ইংরেজিতে মমতা যা লিখেছেন, তার অর্থ পরিস্থিতি যাই হোক না কেন, থাকতে হবে সাহসী, শক্তিশালী হয়ে। ভরসা রাখতে হবে। পরিস্থিতি ঘুরবেই। জয় আসবেই। মমতার লেখার অর্থ- নিজের মধ্যে বিশ্বাস থাকলে, কেউ ছুঁতেও পারবে না। নিজের ভিতরের শক্তিকে, ধরে রাখুন নিজের মধ্যেই। যাঁরা ভীরু-কাপুরুষ, তাঁরা আসলে তাই। কিন্তু প্রকৃত শক্তিশালী যাঁরা, তাঁরা আঘাতের সামনে দাঁড়ান হাসি মুখে। সঙ্গেই জীবন-মৃত্যুর আমোঘ সত্যের উল্লেখ  করে মমতা লিখেছেন, দুনিয়ায় এসেছ একা,যেতেও হবে একা। ভাল কাজ থেকে যাবে সারাজীবন। শয়তানরা চিরস্থায়ী নয়। জয় আসবেই, ভরসা থাকুক।