আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুরসভার (KMC) দেওয়া বেআইনি নির্মাণের নোটিস এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আজ শুক্রবার কালীঘাটে তৃণমূলের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। দলের চেয়ারপার্সন মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির  উপস্থিতিতে এই বৈঠকে যোগ দেন কেএমসি-র সমস্ত তৃণমূল কাউন্সিলর।

বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দলীয় কাউন্সিলরদের পাশে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান, বিরোধী রাজনৈতিক দলের চাপে কেউ পদত্যাগ করবেন না। মমতা ব্যানার্জি ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়ে বলেন, ‘‘আজ পুরসভায় যেভাবে ঘরে ঢুকতে দেওয়া হয়নি, তা অবৈধ। ববি, তুমি ডোরিনা ক্রসিংয়ে একটা ধরনার জন্য দিন ঠিক করো। কাউন্সিলররা থাকবে। পুলিশ কেস দিলে দল আইনজীবী দিয়ে লড়াই করবে।’’ তিনি আরও যোগ করেন, নোটিস দিলেই ভেঙে ফেলা যায় না, ভাঙারও একটা আইনি প্রক্রিয়া আছে।

অন্যদিকে, অভিষেক ব্যানার্জি কাউন্সিলরদের মনোবল বাড়িয়ে বলেন, ‘‘আপনাদের মানুষ ৫ বছরের জন্য জিতিয়েছে। আপনারা কাজ করুন, বিজেপি নয়—মানুষই ঠিক করবে আপনাদের রাখবে কিনা।’’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘‘যাঁরা আমাকে প্রশ্ন করছেন, তাঁরা আগে কেএমসি-কে বলুন তথাকথিত বেআইনি অংশগুলো নির্দিষ্ট করতে, তারপর আমি উপযুক্ত জবাব দেব।’’