আজকাল ওয়েবডেস্ক:‌ হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র। দীর্ঘ ২২ দিন পর মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান কামারহাটির তৃণমূল বিধায়ক। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামেই থাকতে হবে মদনকে।
গত ৪ ডিসেম্বর জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি হন মদন। অবস্থার অবনতি হওয়ায় ৭ ডিসেম্বর স্থানান্তরিত করা হয় আইসিইউতে। সেদিন রাতেই তাঁর খিঁচুনি শুরু হয়। যার জেরে শয্যার পাশে যে রেলিং থাকে, তাতে তৃণমূল বিধায়কের বাঁ হাত ছিটকে গিয়ে লাগে। তখনই তাঁর কাঁধের একটি হাড় ভেঙে যায়। এরপর ১৩ ডিসেম্বর তাঁর কাঁধে অস্ত্রোপচার করে টাইটেনিয়াম প্লেট বসানো হয়। তারপর থেকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন মদন। এদিন পেলেন ছাড়া।