দীক্ষা ভুঁইয়া: পথে-ঘাটে ভুল ভ্রান্তি হচ্ছে? ট্রাফিক নিয়ম মানছেন না? কড়া নজর থাকে পুলিশের। চোখে পড়লেই শাস্তি। তবে পুলিশও কি কাজের মাঝে ফোন ঘেঁটে ফাঁকি দিচ্ছেন কর্তব্যে? এবার আরও কড়া নজরদারি তাঁদের উপরেও। সূত্রের খবর, ডিউটিরত পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা, অমান্য করলেই শাস্তিমূলক ব্যবস্থা, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
ডিউটিরত পুলিশকর্মীদের শৃঙ্খলা ও সতর্কতা আরও জোরদার করতে কঠোর নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ। জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের যে কোনও ইউনিটের পুলিশকর্মী ডিউটি চলাকালীন মোবাইল ফোন, ইয়ারফোন, হেডফোন বা এ ধরনের কোনও ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করতে পারবেন না।
লালবাজার সূত্রে জারি হওয়া এই নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, ডিউটির সময় গ্যাজেট ব্যবহারের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। কেউ এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
সংশোধিত এই নির্দেশিকায় কলকাতা পুলিশের সমস্ত অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, ডিভিশনাল ডিসি, ব্যাটালিয়ন ডিসি, ইউনিট ডিসি, থানার ওসি এবং কন্ট্রোল রুম-সহ সংশ্লিষ্ট সব ইউনিটে পাঠানো হয়েছে। পুলিশের একাংশের মতে, গুরুত্বপূর্ণ নিরাপত্তা ডিউটির সময় মোবাইল বা অন্যান্য গ্যাজেট ব্যবহারের ফলে নজরদারিতে ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে। সেই কারণেই সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশ কার্যকর হওয়ার পর ফিল্ডে এর বাস্তবায়নের উপরও বিশেষ নজর রাখা হবে বলে জানা গিয়েছে।
















