আজকাল ওয়েবডেস্ক: তিলজলায় ভোট পরবর্তী অশান্তির মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান। তিলজলায় অশান্তির ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

সেই মামলাতেই এদিন আদালতে আত্মসমর্পণ করেন কসবার জয়ী তৃণমূল প্রার্থী। তিনি এদিন বলেন, 'আমি কিছু জানি না। আইনজীবীর পরামর্শে আমি এখানে এসেছি। এই বিষয়ে আমি আপাতত কিছু বলব না।'

ভোটগণনার পরেই তিলজলায় অশান্তির ঘটনায় কসবার তৃণমূল বিধায়ক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই আত্মসমর্পণ করেন জাভেদ খান।

৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই তিলজলা এলাকায় ঝামেলা হয়। জানা যায়, এই অশান্তির ঘটনায় ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই তালিকায় ছিল জাভেদ খানের নামও।

জানা গিয়েছে, এই মামলায় ইতিমধ্যেই ১০ জনের জামিন হয়ে গিয়েছে। আদালত সূত্রে খবর, এই মামলায় এতদিন হাজিরা দেননি কসবার বর্তমান তৃণমূল বিধায়ক জাভেদ খান।

তবে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ আলিপুর আদালতে হাজিরা দেন জাভেদ খান। তাঁর বিরুদ্ধে এফআইআর ছিল। এদিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে।