আজকাল ওয়েবডেস্ক: প্রবল ঝড় বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা ব্যাহত। বন্ধ বিমান পরিষেবা। চিন্তায় যাত্রীরা। 

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে কোনও বিমান উঠতে এবং নামতে পারছে না। দু্র্যোগের কারণে এই পরিস্থিতি। পরিষেবা ফের কখন চালু হবে, এখনও পর্যন্ত তা জানা যায়নি।

প্রসঙ্গত, সকাল থেকে আকাশ পরিষ্কারই ছিল। দুপুর গড়াতেই কালো হয়ে আসে আকাশ। প্রবল ঝড়ের সঙ্গে নামল তুমুল বৃষ্টি। স্বস্তি ফিরল কলকাতায়।

হাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতি শুধু কলকাতা নয় গোটা রাজ্যেই হবে। দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদেও প্রবল বৃষ্টি হবে। বঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হবে। দমকা বাতাস এবং হাওয়ার গতি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। 

এই পরিস্থিতি বজায় থাকবে পূর্ব বর্ধমান থেকে শুরু করে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। সেখানেও প্রবল বৃষ্টির সঙ্গে দমকা বাতাস এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। পাশাপাশি চলবে প্রচুর বৃষ্টি। ফলে সাময়িক এই বৃষ্টি সকলে স্বস্তি দেবে। 

কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের বেশিরভাগ অংশেই প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তাই এই সময় বাইরে না যাওয়াই উচিত। পাশাপাশি কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় চলবে। 

বিগত কয়েকদিন ধরেই দিনের বেলা প্রবল রোদের তাপ ছিল। সেখান থেকে হঠাৎ করে আসা এই বৃষ্টি সকলকে অনেকটাই স্বস্তি দিল। পাশাপাশি তাপমাত্রার পারদ অনেকটা কমল।  

চলতি বছরে বর্ষার পরিমান অনেকটা কম। সেখানে তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেখান থেকে কলকাতাবাসী বেশ কয়েক সপ্তাহ ধরেই গরমে নাজেহাল ছিল। তবে শুক্রবারের এই বৃষ্টি অনেকটা স্বস্তি ফেরাল।

হাওয়া অফিসের খবর ছিল কলকাতায় বেশ কয়েকদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেখানে বিকেলের দিকে বৃষ্টি হলেও তাতে মন ভরেনি। তবে শুক্রবারের এই বৃষ্টি সেই মনের আশা অনেকটাই মিটিয়েছে।