আজকাল ওয়েবডেস্ক: হাওড়া ব্রিজের কাছে ফুল বাজারে আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। 

এই ঘটনায় স্ট্র্যান্ড রোড অবরুদ্ধ। নাকাল হাওড়াগামী যাত্রীরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফুলবাজারের পাশেই একটি মুদিখানার দোকান থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। কালো ধোঁয়ায় ঢেকে যায় হাওড়া ব্রিজ এলাকা। ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠতে দেখা আতঙ্ক ছড়ায়। আগুনের খবর পেয়েই প্রথমে চারটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও তিনটি ইঞ্জিন সেখানে পাঠানো হয়। 

দমকল সূত্রে খবর, রাত ৯.৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

হতাহতের কোনও খবর না থাকলেও জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কত ক্ষয়ক্ষতি, তা এখনও জানা যায়নি। 

কীভাবে এই আগুন লেগেছে, এখন সেটাই জানার চেষ্টা চালাচ্ছে দমকল।