আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, তিলজলার টালিখোলায় মসজিদের কাছে একটি পাঁচতলা বাড়িতে আগুন লাগে দুপুর ২টো নাগাদ।
দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বেশ কয়েকজন জখম হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, দু'জনের নিহত হওয়ার খবর মিলেছে।
আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়ার। জানা গিয়েছে, যে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অবস্থানের কারণে সেখানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে দেরি হয়। তবে দমকল কর্তৃপক্ষ উদ্ধার কার্য চালিয়ে যান। সূত্রের খবর জখম বাসিন্দাদের ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে কলকাতা, কলকাতার পার্শ্ববর্তী এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, এপ্রিল মাসে, ২৪ পরগনার সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘনবসতিপূর্ণ বস্তিতে দাহ্য বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অন্তত ৪০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বস্তির একাংশে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। বহু মানুষ কোনওমতে প্রাণে বাঁচলেও তাঁদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অভিযোগ।
অগ্নিকাণ্ডের জেরে বড়সড় প্রভাব পড়েছে রেল পরিষেবায়। বস্তির পাশ দিয়েই গিয়েছে বজবজ-শিয়ালদহ শাখার রেললাইন। আগুন ছড়িয়ে পড়ে রেললাইনের দিকেও এবং পুড়ে যায় ওভারহেড বিদ্যুতের তার। এর ফলে নিরাপত্তার কারণে অবিলম্বে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। অফিস টাইমে হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বহু যাত্রী আটকে পড়েন বিভিন্ন স্টেশনে।
এর আগে, ফেব্রুয়ারি মাসে, নিউটাউনের গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ এর কাছে খালপাড়ে অস্থায়ী ঝুপড়ি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত দেড়টার কিছু আগে আগুন লাগে সেখানে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান। তবে হতাহতের খবর নেই। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এক ঘন্টার বেশি সময় ধরে চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।















