আজকাল ওয়েবডেস্ক: বাংলা সহায়তা কেন্দ্রকে ঘিরে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড-সহ বিভিন্ন সরকারি নথি তৈরি করে দেওয়া হয়েছিল।
গোটা বিষয়টির স্বচ্ছ তদন্ত করে কেন্দ্রগুলিকে নতুন করে বাছাই করারও দাবি জানান তিনি। শুক্রবার কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে কমন সার্ভিস সেন্টারের (সিএসসি) ১৭তম বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন মন্ত্রী।
দিলীপ ঘোষের দাবি, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বহু অনুপ্রবেশকারী সরকারি পরিচয়পত্র পেয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
তাঁর কথায়, দীর্ঘদিন ধরে দেশকে সন্ত্রাসবাদী কার্যকলাপের মোকাবিলা করতে হয়েছে। তাই এই ধরনের অনিয়ম বন্ধ হওয়া জরুরি। মন্ত্রী বলেন, ‘বাংলা সহায়তা কেন্দ্রগুলির কাজকর্ম স্বচ্ছভাবে তদন্ত করে পুনরায় বাছাই করা উচিত।’
তারপরই সেগুলিকে কমন সার্ভিস সেন্টারের সঙ্গে যুক্ত করে নতুনভাবে চালু করার প্রস্তাব দেন তিনি। এদিন অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলায় ৯১ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের দেশে থাকার কোনও অধিকার নেই।
রাজ্যের মন্ত্রীর অভিযোগ, এই ব্যক্তিরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা ভোগ করতেন এবং প্রকৃত উপভোক্তাদের অধিকার থেকে বঞ্চিত করতেন।
দিলীপ আরও বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা, জব কার্ড-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা ভুয়ো নথির মাধ্যমে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই যেসব বাংলা সহায়তা কেন্দ্র এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ, সেগুলির পূর্ণাঙ্গ তদন্ত করে নতুনভাবে কমন সার্ভিস সেন্টারের আওতায় আনা প্রয়োজন।’
















