আজকাল ওয়েবডেস্ক: হোল্ডিং স্টেশন প্রসঙ্গে ফের একবার রণং দেহী মেজাজে দেখা গেল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে। শুক্রবার তিনি সরাসরি জানিয়ে দিলেন বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।
এদিন দিলীপ ঘোষ বলেন, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ওখানেই মাসের পর মাস পচতে হবে ওদেরকে। না খেয়ে থাকবে। অসুস্থ হয়ে মরবে সব। আমরা কোনও দায় নেব না। ভালয় ভালয় চলে যান। যদি পাকিস্তান থেকে ছয় লক্ষ আফগানিস্তানিকে ফেরত হতে পারে তাহলে এটা কেন নয়।
তিনি আরও বলেন, একটা মুসলিম দেশ থেকে আরেকটা মুসলিম দেশে বিশেষ পরিস্থিতিতে ওরা এসেছিল। কিন্তু অবৈধভাবে এসেছে। এদেরকে সারাজীবন জেলে যেতে হবে। নাহলে ওখানেই থাকবে। মারা যাবে। তার থেকে নিজের দেশে ফিরে যাও। সরকার যখন ব্যবস্থা নেবে কোনও দিকে তাকাবে না। হোল্ডিং সেন্টারে আয়োজন কতদিন চলবে। কেন এদেরকে খাওয়ানো হবে। প্রথমে ডিম, মাছ ভাত হবে। তারপর ডিম বাদ যাবে। তারপর শাকভাত হবে। শাক বাদ যাবে। তারপর ডান্ডা পড়বে। এই লাখ লাখ মানুষকে খাওয়ানোর দায়িত্ব সরকারের নয়। সেজন্য বলছি ভালয় ভালয় চলে যান নাহলে কপালে কী আছে কেউ জানে না।
প্রসঙ্গত, হোল্ডিং স্টেশনে এখনও পর্যন্ত পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মোট ৩৮৬ জনকে। তার মধ্যে অধিকাংশই উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মোট ৩৩৫ জন। হাকিমপুর বর্ডার সংলগ্ন এলাকা থেকে সিংহভাগ মানুষদের হোল্ডিং স্টেশনে পাঠানো হয়েছে। এছাড়াও মালদা, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলার বাংলাদেশী রয়েছে যাদেরকে হোল্ডিং স্টেশনে পাঠানো হয়েছে। ৩৮৬ জনের মধ্যে পুরুষ ১৮২ জন, মহিলা ১০৯ জন এবং শিশু বা নাবালক নাবালিকা রয়েছে ৯৫ জন।















