আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি রাজ্যের ৫১টি সরকারি আইটিআইয়ের আধুনিকীরণের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এ বার শিল্প সংস্থাগুলির সঙ্গে যৌথ ভাবে কাজ করবে সরকার। যুগের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক মেশিনে হাতকলমে কাজ শিখতে পারবেন পড়ুয়ারা। কোর্স শেষের পর কর্মসংস্থানের সুযোগও পাবেন পড়ুয়ারা, সম্প্রতি এমন ঘোষণাই করেছেন রাজ্যের কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি। এর মধ্যেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ডিরোজিও মেমোরিয়াল কলেজে শুরু হয়েছে কারিগরি শিক্ষার স্নাতক এবং ডিপ্লোমা কোর্সের ভর্তি প্রক্রিয়া।

 

রাজারহাটে ডিরোজিও মেমোরিয়াল কলেজটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্বীকৃত। কলেজের তরফে যুগোপযোগী তিনটি বিষয়ে বিভোক ডিগ্রি এবং দু’টি বিষয়ে ডিপ্লোমা কোর্স করানো হবে। বিভোক ডিগ্রি কোর্সগুলি তিন বছরের। কমিউনিটি কলেজ স্কিমের ডিপ্লোমা কোর্সগুলি চলবে এক বছর ধরে। দু’ধরনের কোর্সই সেমেস্টারের মাধ্যমে পড়ানো হবে। বিভোক ডিগ্রি কোর্সে থাকবে ছ’টি সেমেস্টার। অন্য দিকে, ডিপ্লোমা কোর্সে থাকবে দু’টি সেমেস্টার। সমস্ত কোর্সই ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অনুমোদিত।

 

যে সমস্ত বিষয়ে বিভোক কোর্স করানো হবে, সেগুলি হল— ব্রডকাস্ট জার্নালিজ়ম, পাবলিক রিলেশনস, প্রিন্টিং অ্যান্ড বুক পাবলিশিং। ডিপ্লোমা কোর্স করা যাবে ফোটোগ্রাফি অ্যান্ড ভিডিয়োগ্রাফি এবং ওয়েব ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ের উপর।

 

উভয় ক্ষেত্রেই পাঠক্রমে বিষয়ভিত্তিক শিক্ষাদানের চেয়ে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) ক্লাস এবং হাতেকলমে প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে। ক্লাস নেবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ পেশাদাররা। কোর্স শেষে থাকবে ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের ব্যবস্থা।

 

দু’টি কোর্সে আবেদন করতে পারবেন যে কোনও বয়সের মানুষই। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন।

 

বিভোক কোর্সের ক্ষেত্রে প্রতি সেমেস্টারের জন্য বরাদ্দ ফি ৬,৫২০ টাকা। অন্য দিকে, ডিপ্লোমা কোর্সের বার্ষিক ফি মোট ১০,০০০ টাকা।

 

আগ্রহীদের কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ভর্তির আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জুন। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে কলেজের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি থেকে।