আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকদিন পরেই রথযাত্রা। কার্যত এই দিন থেকেই আমোদপ্রিয় বাঙালির উৎসবের মরশুম শুরু হয়ে যায়। কথায় আছে রথের দড়ি টানলেই দুর্গা আসে। এই দিনেই দুর্গা মূর্তির কাঠামোয় দেওয়া হয় প্রথম মাটি। যদিও এখন সারা বছরই দুর্গা প্রতিমার কাজ শুরু করে দেন শিল্পীরা। আর এই দুর্গা প্রতিমার তৈরি করতে যে মাটির প্রয়োজন হয় সেই মাটিতেই ঘাটতি দেখা গিয়েছিল।
শিল্পীরা পাচ্ছিলেন না মাটি। দুর্গা প্রতিমা তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন হয় সেই মাটি আসে ডায়মন্ডহারবার ও উলুবেরিয়া থেকে। উলুবেরিয়া থেকে নৌকায় করে মাটি এলেও কিন্তু ডায়মন্ড হারবারের মাটি অমিল ছিল। চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা।
কুমোরটুলি শিল্পীরা প্রথমে শ্যামপুকুর বিধানসভার বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী কাছে বিষয়টি জানান। এরপর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে জানিয়েছিলেন চিঠি দিয়ে। সেই সময় তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানাবেন। যাতে শিল্পীদের সমস্যার সমাধান হয়। এরপর অবশেষে শিল্পী মিন্টু পাল জানিয়েছেন রাজ্য সরকারের হস্তক্ষেপে তাদের সোমবার রাতে লরিতে করে মাটি এসেছে। চার লরি মাটি এসে পৌঁছেছে। মাটির জোগান ফের পাওয়ায় আপাতত স্বস্তিতে কুমোরটুলির মৃৎশিল্পীরা।















