আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর পূর্তি। আর সেই উপলক্ষেই বুধবার বিশেষ পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সল্টলেকের রাম মন্দিরে যান তিনি। সেখানে নিষ্ঠাভরে পুজো ও আরতি সারেন মুখ্যমন্ত্রী।

রাজ্য রাজনীতিতে এমনিতেই এখন ব্যস্ত সময় কাটছে তাঁর। তার ওপর আজই দিল্লি যাত্রা। তবে রাজধানীগামী বিমান ধরার আগে সল্টলেকের রাম মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচিটি বাদ দেননি মুখ্যমন্ত্রী। 

দলীয় সূত্রের খবর, মোদি সরকারের এক যুগ পূর্তির এই বিশেষ দিনটিতে দেশের কল্যাণ ও সাফল্য কামনায় ঈশ্বরের আশীর্বাদ নিতেই আজ সকালে মন্দিরে হাজির হয়েছিলেন তিনি। পুজো পর্ব সাঙ্গ করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।

দেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি। আর এই দীর্ঘ যাত্রায় তিনি ভেঙে দিলেন পূর্বতন সমস্ত প্রধানমন্ত্রীর রেকর্ড। এমনকী ভারতের প্রথম তথা এ যাবৎ সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙলেন তিনি। টানা ৪,৩৯৯ দিন দেশের প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করে রেকর্ড নরেন্দ্র মোদির।

এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে আজ রাজধানী দিল্লির ভারত মণ্ডপমে এক বিশেষ ‘চা চক্রের’ আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে দিল্লির বিমান ধরার আগে এক অন্য মেজাজে দেখা গেল তাঁকে।

এ দিন সকালে সল্ট লেকের রাম মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। সেখানে যজ্ঞের আয়োজনও করা হয়েছিল, যাতে তিনি পূর্ণাহূতি দেন। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে পাশে দেখা গিয়েছে লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক শাশ্বত মুখোপাধ্যায়, পীযূষ কানোডিয়া এবং তরুণজ্যোতি তিওয়ারির মতো নেতৃত্বকে।

পুজো ও যজ্ঞের অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যে রেকর্ড গড়েছেন, তাঁর এই সাফল্যে আমরা গর্বিত।” এই গৌরবময় মুহূর্তে গোটা দেশবাসীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের তরফ থেকেও প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।