আজকাল ওয়েবডেস্ক: এবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে গবেষণা শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন ও বৈষ্ণব ভাবধারা নিয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার নতুন দিগন্ত খুলতে চলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এবং 'ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার'-এর সহযোগিতায় গড়ে উঠছে শ্রীচৈতন্যচর্চার একটি বিশেষ গবেষণা কেন্দ্র। বুধবারই আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও কর্ম নিয়ে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স চালু করা হবে। পাশাপাশি গবেষণারও সুযোগ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেবাশীষ দাশ। এছাড়াও চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, গীতা ও ভাগবত-সহ বৈষ্ণব সাহিত্য এবং প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে পড়াশোনা ও গবেষণার ব্যবস্থা থাকবে। 

শ্রী চৈতন্যচর্চা কেন্দ্রের অধিকর্তা হিসেবে থাকছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কমলকিশোর মিশ্র। 'ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার'-এর সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষর হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়কে 'ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার' পাঁচ লক্ষ টাকা আর্থিকভাবে সাহায্য করেছে। 

অধ্যাপক কমল কিশোর মিশ্র জানিয়েছেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর কর্মকাণ্ড, সমাজ ও শিক্ষা সংস্কার  সম্পর্কে জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা ফলে আগামী প্রজন্মের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে ধারণা আরো বাড়বে।