আজকাল ওয়েবডেস্ক: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত। তাঁকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সব্যসাচীকে লক্ষ্য করে ডিম, টমেটো এবং গোবর ছোড়া হয়। তা নিয়ে কটাক্ষ করেছেন বিধাননগরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখার্জি। এমনকি তাঁর নাম নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি।
মঙ্গলবার বিধায়ক বলেন, “সব্যসাচী নাম। ডান হাতেও কামাতেন, বাঁ হাতেও কামাতেন। এরকম ভালভাবে নাম মা-বাবা রেখেছিলেন ভাবুন। অনন্য, এরকম খুঁজে পাওয়া যায় না।” গ্রেপ্তারির পরে সব্যসাচী অভিযোগ তুলেছেন যে, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। সব অভিযোগ ভুয়ো। তা নিয়েও কটাক্ষ করেছেন বিধায়ক। তিনি বলেন, “সব অভিযোগ ভুয়ো। আর ওনারাই ধোয়া তুলসীপাতা। বাকি সব ভুয়ো। টিএমসি মানে তৃণমূল মাফিয়া ক্লাব। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা।”
২০১৮ সালে সব্যসাচী বিধাননগরের এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি পাঁচ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন বলে অভিযোগ। পরে ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার আটক করা হয় সব্যসাচীকে। তাঁকে থানায় নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।















