আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে ৩ জুন নবান্নে এসে সাক্ষাৎ করে গিয়েছিলেন আদানি গোষ্ঠীর এমডি কর্ণ আদানি। তখনই রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে তিনি বিনিয়োগের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীকে। আর তারপরই নিউ টাউনে বিশাল এলাকা জুড়ে অত্যাধুনিক ‘আদানি হেল্থ সিটি’ গড়ে তোলার পরিকল্পনা আদানি গোষ্ঠীর। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল।
প্রস্তাবিত হেল্থ সিটির মূল আকর্ষণ হবে ১,০০০ শয্যার একটি আধুনিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে একদিকে মধ্যবিত্ত মানুষ যেমন পরিষেবা পাবেন, তেমনি বিদেশি রোগীদের জন্যও চিকিৎসা পরিষেবাও দেওয়া হবে।
কী কী থাকবে এই হাসপাতালে?
সূত্রের খবর, হাসপাতালের ৫০০টি শয্যা মধ্যবিত্ত ও আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে, যেখানে তুলনামূলক কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা মিলবে।
বাকি ৫০০টি শয্যায় দেশ-বিদেশের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসার ব্যবস্থা থাকবে। এই অংশে বাজারদর অনুযায়ী চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবার লক্ষ্যেই এই উদ্যোগ।
এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে শুধু স্বাস্থ্য পরিষেবার মানই বাড়বে না, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলেই মনে করা হচ্ছে।















