আজকাল ওয়েবডেস্ক: সামান্য মোবাইল ফোন নিয়ে বচসা। আর তার জেরে বর্ধমানের যুবক খুন হয়ে গেলেন খাস কলকাতার তপসিয়ায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম তারকনাথ সামন্ত। মৃত যুবক বর্ধমানের বাসিন্দা। তপসিয়ায় একটি দোকানে কাজ করতেন তিনি। সেই দোকানের পাশেই অন্য একটি দোকানে কাজ করেন অভিযুক্ত তৌফিক আনসারি। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মোবাইল নিয়ে দুই যুবকের ঝামেলা হয়। যা তর্কাতর্কি থেকে গড়ায় হাতাহাতিতে। তারই জেরে অভিযুক্ত যুবক তৌফিক আনসারি ওই যুবককে বেধড়ক মারধর করতে থাকে। একাধিক আঘাতের জেরে রক্তাক্ত হন তারকনাথ। রাস্তায় পড়ে যান। অচেতন হয়ে পড়েন তিনি।
এই ঘটনা দেখতে পেয়ে পাশেই থাকা একটি আবাসনের নিরাপত্তারক্ষীরা আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি তারকনাথকে। ঘটনার খবর পেয়েই হাসপাতালে যায় তপসিয়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত তৌফিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে সে।
এদিকে, ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। বৃহস্পতিবার সকালে হাতিশালা দক্ষিণপাড়া এলাকায় একটি বাঁশবাগান থেকে একাধিক বোমা উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে গোটা এলাকা ঘিরে ফেরে তল্লাশি চালাচ্ছে।
তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করেছে পুলিশ। বোমাগুলি কতটা শক্তিশালী, কতদিন ধরে সেখানে রাখা হয়েছিল এবং কী উদ্দেশে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।















