আজকাল ওয়েবডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জিকে আজ (১৫ জুন, ২০২৬) জিজ্ঞাসাবাদ করবে ইডি-র তিনজন আধিকারিক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে উঠে আসে লিপস এন্ড বাউন্স কোম্পানির নাম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির এই সংস্থার সঙ্গে লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য মিলেছে। ইডি সূত্রে দাবি, একটি অডিও রেকর্ডিংয়ে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে নাম উঠে এসেছে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। এই মামলায় প্রায় এক বছর আগে তৃতীয় অতিরিক্ত চার্জশিট দেয় সিবিআই। পরবর্তী ক্ষেত্রে একাধিক তথ্য পাওয়ার পরে অভিষেককে তলব করা হয়েছে। আজই জিজ্ঞাসাবাদ ও তাঁর বয়ান লিপিবদ্ধ করা হবে বলে ইডি সূত্রে খবর।
পশ্চিমবঙ্গের বহুলচর্চিত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জিকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবারই তাঁকে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির আঞ্চলিক কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তদন্তকারীদের সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটি কোটি টাকার যে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে, সেই বিষয়েই তৃণমূলের এই শীর্ষনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) যে এফআইআর দায়ের করেছিল, তার ওপর ভিত্তি করেই এই আর্থিক তছরুপ মামলার তদন্ত চালাচ্ছে ইডি।
মূলত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে নিয়মনীতি লঙ্ঘন এবং কম নম্বর পাওয়া বা অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার এক বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজে নেমেছেন ইডি তদন্তকারীরা।
ইডি গোয়েন্দারাএই নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজতে গিয়ে ইতিমধ্যেই বিপুল পরিমাণ 'ক্রাইম প্রসিড' বা অপরাধের মাধ্যমে উপার্জিত অর্থের সন্ধান পেয়েছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ২০২৫ সালের আগস্ট মাসে জমা দেওয়া ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে তদন্তকারীরা চন্দ্রনাথ সিনহাকে অন্যতম অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।
প্রাক্তন এই মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। ইডির দাবি, দুর্নীতির লভ্যাংশ ব্যবহার করে প্রভাবশালীদের পরিবারের সদস্যদের নামে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার সোনা এই মামলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।
প্রাথমিক শিক্ষা পর্ষদের গণ্ডি পেরিয়ে এই তদন্তের জাল এখন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সহকারী শিক্ষক নিয়োগ এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের কেলেঙ্কারি পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেই এখনও পর্যন্ত প্রায় ১৫৪.৯১ কোটি টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে।
এছাড়া, প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য-সহ মোট ৫৪ জন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। সামগ্রিকভাবে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার ইডি দফতর এ যাবৎ প্রায় ৬৪১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই আবহে অভিষেক ব্যানার্জিকে ফের তলব করা হল।















