আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ষষ্ঠ দিন।
ঠিক সেই আবহে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র LGM-30G Minuteman III–এর একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাতে শুরু হয় গত শনিবার। এই যুদ্ধে ইজরায়েলকে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে হামলার জন্যেই কি এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র? বাড়ছে জল্পনা।
এই ক্ষেপণাস্ত্রকে অনেকেই “ডুমসডে মিসাইল” বলে উল্লেখ করেন। কারণ এটি এমন পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যার শক্তি হিরোশিমাতে ব্যবহৃত পরমাণু বোমার তুলনায় প্রায় ২০ গুণ বেশি হতে পারে।
মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে মার্কিন বিমানবাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ড এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে। মার্কিন মহাকাশ বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, পরীক্ষামূলক এই উৎক্ষেপণে কোনও পারমাণবিক ওয়ারহেড ছিল না; বরং এতে দু'টি পরীক্ষামূলক রি-এন্ট্রি ভেহিকল সংযুক্ত করা হয়েছিল।
মিসাইলটি পরীক্ষামূলক যানটি GT-255 নামে চিহ্নিত করা হয়েছে। মার্কিন মহাকাশ বাহিনী জানিয়েছে, এটি দীর্ঘদিন ধরে চালু থাকা একটি নিয়মিত কর্মসূচির অংশ। ইরানের সঙ্গে চলমান সংঘাতের সঙ্গে এর সরাসরি কোনও সম্পর্ক নেই।
উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি হাজার হাজার মাইল অতিক্রম করে পশ্চিম-মধ্য প্রশান্ত মহাসাগরে মার্শাল আইল্যান্ডের কাছে নির্ধারিত পরীক্ষামূলক এলাকায় আঘাত হানে।
৫৭৬তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ক্যারি রে জানান, এই পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিভিন্ন উপাদানের কার্যকারিতা যাচাই করা হয়েছে। তাঁর কথায়, বিভিন্ন ধরনের মিশন পরীক্ষা করার মাধ্যমে পুরো আইসিবিএম বহরের কর্মক্ষমতা আরও উন্নত করা যায় এবং দেশের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে সর্বোচ্চ প্রস্তুত রাখা সম্ভব হয়।
মার্কিন সামরিক কৌশলে Minuteman III একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। প্রায় ৬,০০০ মাইল পাল্লার এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ১৫,০০০ মাইলেরও বেশি গতিতে উড়তে পারে, ফলে কয়েক মিনিটের মধ্যেই এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানার ক্ষমতা রয়েছে।
মার্কিন মহাকাশ বাহিনীর বক্তব্য অনুযায়ী, এই পরীক্ষা আসলে বহু দশক ধরে চলা একটি তথ্যভিত্তিক মূল্যায়ন কর্মসূচির অংশ। গত কয়েক দশকে এই ধরনের ৩০০টিরও বেশি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে, যার লক্ষ্য ছিল স্থলভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও নির্ভুলতা যাচাই করা।
এর আগে সর্বশেষ Minuteman III পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল ২০২৫ সালের নভেম্বর মাসে। তখনও যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল।
এদিকে পশ্চিম এশিয়াতে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। যুদ্ধের ষষ্ঠ দিনে ইরান থেকে ইজরায়েলের দিকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন বড় শহরে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন।
এই হামলার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের সেনেটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী বিমান হামলা বন্ধ করার প্রস্তাব খারিজ হয়ে যায়। রিপাবলিকান আইন প্রণেতারা একটি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন, যেখানে ভবিষ্যৎ সামরিক অভিযানের জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন বাধ্যতামূলক করার দাবি করা হয়েছিল।
ভোটাভুটিতে প্রস্তাবটি ৫৩–৪৭ ব্যবধানে পরাজিত হয়। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা কার্যত বহাল থাকে।
একদিকে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ছে, অন্যদিকে সমুদ্রেও সামরিক উত্তেজনা বাড়ছে এবং কূটনৈতিক প্রচেষ্টাও কার্যত অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।
