আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ সাগরেও। পশ্চিম এশিয়ার যুদ্ধ ভারত মহাসাগরে। প্রথমে ইরানি যুদ্ধ জাহাজের উপর হামলা নিয়ে জল্পনার অবকাশ থাকলেও, সত্যি জানিয়ে দিয়েছে খোদ ওয়াশিংটন। বুধবার ইরানের যুদ্ধজাহাজের উপর যে হামলা চলে, ঘণ্টাখানেকের মধ্যে সেই প্রসঙ্গে আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন সেনাই ওই হামলা চালিয়েছে। সঙ্গেই বার্তা স্পষ্ট, আন্তর্জাতিক জলসীমাতেও সুরক্ষিত নয়। সেখানেও সাবমেরিন।
তারপরেই চাপানউতোর ভূ-রাজনৈতিক পরিস্থিতিতেও। সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলি সূত্রে খবর, ঘটনার পর তেহরান সাফ জানিয়েছে আইআরআইএস ডেনার উপর আক্রমণ, ভারতের অতিথির উপর আক্রমণ মূলত। সায়েদ আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, 'ইরানের উপকূল থেকে ২০০০ মাইল দূরে সমুদ্রে মার্কিন যুক্তরাষ্ট্র এক বর্বরতা ঘটিয়েছে।
প্রায় ১৩০ জন নাবিক থাকা ভারতীয় নৌবাহিনীর অতিথি ফ্রিগেট ডেনার উপর কোনও সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় আঘাত হানে।' সঙ্গেই তিনি সাফ হুঁশিয়ারি দিয়েছেন। লিখেছেন, মার্কিন মুলুক এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবে।
তথ্য, ফ্রিগেট আইআরআইএস ডেনা, ২০২৪ সালে বহুপাক্ষিক নৌ মহড়া মিলানে অংশগ্রহণের জন্য ভারতে এসেছিল। একই সঙ্গে সর্বভারত্রীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তথ্য, ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ ঘোষণার পর জাহাজটি কোনও সাহায্য চায়নি ভারতের থেকে। আইআরআইএস ডেনা ১৬ ফেব্রুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত ভাইজাগে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) তে অংশগ্রহণ করেছিল। ২৫ ফেব্রুয়ারির পর, জাহাজটি ভারতের বাইরে এবং আন্তর্জাতিক জলসীমায় ছিল।
তবে, আইআরআইএস ডেনের উপর আমেরিকার হামলার পর, কেন ভারত সরকার, দেশের প্রধানমন্ত্রী এখনও নীরব, সেই প্রশ্ন উঠেছে দেশের ভিতরেই। ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রর সাবমেরিন ইরানি যুদ্ধজাহাজ, আইআরআইএস ডেনা ডুবিয়ে দেওয়ার বিষয়ে কোনও বিবৃতি না দেওয়ার জন্য বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কটাক্ষ করেছেন।
বুধবার দুপুরে জানা যায়, ইরানের একটি জাহাজের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছে শ্রীলঙ্কার উপকূলের কাছে। সাবমেরিন অর্থাৎ ডুবোজাহাজ থেকে হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।
জানা গিয়েছে, এই জাহাজ-হামলার ঘটনায় নিখোঁজ শতাধিক। উদ্ধার করা হয়েছে ৩০-এর বেশি মানুষকে। ওই জাহাজটিতে অন্তত ১৮০জন ছিলেন বলে জানা যায় প্রাথমিকভাবে।
পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে জানান, শ্রীলঙ্কার নৌবাহিনী তথ্য পেয়েছে যে ১৮০ জন আরোহী নিয়ে আইআরআইএস ডেনা জাহাজটি মাঝপথে বিপদে পড়ে। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের ইরানে বিমান হামলার পর থেকে ইরান ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
