আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়াল। জানা গিয়েছে, তেহরানে হামলা চালিয়েছে মার্কিন সেনা। তবে কোন কোন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে, সেই বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি সেনার তরফে।

ওয়াশিংটনের অভিযোগ, ইরান হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে শান্তিচুক্তির পর এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনে আমেরিকা।

তারপর এদিন ফের হামলা চালাল মার্কিন সেনা। মার্কিন হামলার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সূত্র মারফত জানা যাচ্ছে, ইরানের পক্ষ থেকে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছিল যে মার্কিন হামলার জবাব দেওয়া হবে এবং তেহরান এর ‘উত্তর’ দেবে। তবে তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন, ‘আপনারা জানতে পারবেন।’ ভারতীয় সময় শনিবার সকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানায়, ইরানের অভ্যন্তরে নির্দিষ্ট ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

CENTCOM-এর দাবি, ২৫ জুন ইরান সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ M/V Ever Lovely লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। হরমুজ প্রণালী থেকে বেরিয়ে ওমান উপকূল বরাবর যাওয়ার সময় জাহাজটি হামলার শিকার হয় অভিযোগ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে।

মার্কিন কমান্ড জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় ব়্যাডার কেন্দ্রগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। মার্কিন মুলুকের তরফে এই অভিযানকে ‘শক্তিশালী জবাব’ আখ্যা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ ‘অযৌক্তিক আগ্রাসন’ এবং তা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করার অভিযোগও তুলেছে ওয়াশিংটন।

CENTCOM আরও জানিয়েছে, ইরানের সঙ্গে হওয়া সমঝোতার সব শর্ত কার্যকর রয়েছে কি না, তা নিশ্চিত করতে মার্কিন সেনা সতর্ক রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে মার্কিন বাহিনী।

ফের উত্তেজনা ছড়ালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরানকে কড়া বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লিখেছেন, ইরানের যে কোনও আগ্রাসনের জবাব পাল্টা হামলার মাধ্যমে দেওয়া হবে।

ভ্যান্স বলেন, ‘ইরান যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে। আমরা তা মেনে চলেছি। যদি শান্তিচুক্তি নিয়ে তাদের কোনও সমস্যা থাকে, তারা ফোন করতে পারে। কিন্তু হিংসার জবাব হিংসা দিয়েই দেওয়া হবে।’