আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি জটিলতায় ফেঁসে ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানির। এর আগে আদানিদের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা খারিজ করেছিল মার্কিন সরকার। এ বার তা নিয়েই প্রশ্ন তুলল নিউ ইয়র্কের একটি জেলা আদালত। মামলাটি এখনই খারিজ করতে অস্বীকার আদালতের। মার্কিন সরকারের কাছে এর উপযুক্ত কারণ ও তথ্যপ্রমাণ-সহ জবাব তলব করেছেন বিচারক। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

 

শুক্রবার নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট মার্কিন সরকারকে নির্দেশ দিয়েছে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস কেন আদানিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহারের আবেদন করছে, তার সুনির্দিষ্ট কারণ তথ্যপ্রমাণ-সহ জানাতে হবে। মার্কিন জেলা আদালতের বিচারক নিকোলাস গারাউফিস তাঁর রায়ে জানিয়েছেন, সরকারি তরফে দেওয়া সংক্ষিপ্ত, সহজ এবং একতরফা বক্তব্য কোনও সিদ্ধান্তে পৌঁছনোর জন্য আদালতের কাছে যথেষ্ট নয়। মামলা খারিজের এই অনুরোধ বিশ্লেষণ করার মতো কোনও সুযোগই সরকার আদালতকে দেয়নি।

 

বিচারক সাফ জানিয়েছেন, যথাযথ যুক্তি ও পর্যাপ্ত তথ্যের অভাবে আদালত এই মামলা খারিজের বিষয়ে কোনও বিচারবিভাগীয় সিদ্ধান্ত নিতে পারেনি। এই বিষয়ে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে আদালতের কাছে মার্কিন সরকারকে জবাবদিহি করতে হবে।

 

 

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস গৌতম আদানি, সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জির প্রাক্তন সিইও বিনীত জৈনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে। অভিযোগ ছিল, মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার জন্য তাঁরা ভারতীয় সরকারি আধিকারিকদের বিপুল অঙ্কের ঘুষ দিয়েছিলেন। তবে সেই তথ্য পরবর্তীকালে মার্কিন প্রশাসনের কাছে গোপন করেছিলেন।

 

অন্যদিকে, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর দায়ের করা আরও একটি দেওয়ানি মামলায় ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে রফা করতে রাজি হয়েছিলেন আদানিরা। কিন্তু জেলা আদালতের এই অনড় অবস্থানের কারণে সেই সমঝোতা এখন বিশ বাঁও জলে। এই আইনি টানাপোড়েনের মধ্যে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা 'আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড' মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টকে ২৭৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান থেকে প্রায় ১৯০ মিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল কেনার অভিযোগে এই বিপুল জরিমানা দিতে হয়েছে তাদের।

 

এদিকে, আমেরিকার আদালতে এই টানাপোড়েন চললেও দেশের মাটিতে দাঁড়িয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথাই তুলে ধরেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সম্প্রতি আদানি এন্টারপ্রাইজেসের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উদ্দেশে বক্তব্য রাখার সময় পরোক্ষভাবে মার্কিন আইনি লড়াইয়ের কথা উল্লেখ করেন তিনি। নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরে গৌতম আদানি বলেন, "গত বছরে সংস্থার এই সাফল্য অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেই সম্ভব হয়েছে। চরম পরীক্ষার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। তা সত্ত্বেও আমরা মাথা নত করিনি, আমরা থেমে যাইনি।"