আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফা বৈঠকের জন্য প্রস্তুত আমেরিকা ও ইরান। তবে প্রথম দফার যে বৈঠক হয়েছিল, সেই প্রতিনিধিদলের দুই প্রধান নেতাকে বাদ দিয়েই এবার পাকিস্তানে বৈঠকে বসতে প্রস্তুত দুই দেশ।
শুক্রবার রাতেই পাকিস্তানে পৌঁছেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন। তবে ইরান ও আমেরিকা কবে ও কখন দ্বিতীয় দফার আলোচনায় বসছে, তা এখনও নিশ্চিত হয়নি।
প্রসঙ্গত, ইসলামাবাদে দুই দেশের প্রথম দফার বৈঠকেও আমেরিকার প্রতিনিধিদলে উইটকফ এবং কুশনার ছিলেন। তবে ওই দলের নেতৃত্বে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়। টানা ২১ ঘণ্টা কথাবার্তার পরেও সমঝোতায় আসতে পারেনি ইরান বা আমেরিকা। আর তাই দ্বিতীয় দফার আলোচনায় ভান্সকে পাঠাচ্ছেন না ট্রাম্প। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন, ইসলামাবাদে যা আলোচনা হবে, সে বিষয়ে ট্রাম্প এবং ভান্সকে অবগত করা হবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।
অন্যদিকে, ইরানের প্রতিনিধিদলে এবার নেই সেখানকার পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের গালিবাফ। তিনি এবং আরাঘচিই গত আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন।
এদিকে, আরাঘচি আবার ত্রিদেশীয় সফরের কথা ঘোষণা করেছেন। পাকিস্তানের পাশাপাশি তিনি ওমান এবং রাশিয়াতেও যাবেন। দ্বিপাক্ষিক যোগাযোগ এবং আঞ্চলিক বিষয়ে আলোচনার জন্য তাঁর এই সফর বলে দাবি করেছেন আরাঘচি। তবে পাকিস্তানে এই মুহূর্তে আমেরিকার উচ্চপদস্থ আধিকারিকরা আছেন। জানা গিয়েছে, পাকিস্তানের অনুরোধেই ট্রাম্প ইরানের সঙ্গে সংঘর্ষবিরতির মেয়াদ বৃদ্ধি করেছেন। এমনটাই খবর। তাই দ্বিতীয় দফার বৈঠকে সিদ্ধান্তে পৌঁছতে চাইছে দুই দেশ।















