আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছে আমেরিকা। বুধবার এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা করেছে দুই দেশই। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও আমেরিকার মধ্যে টানাপোড়েন চলছিল। নতুন চুক্তিটি দুই দেশের কৌশলগত সম্পর্ককে দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এই চুক্তি আমেরিকার পারমাণবিক শিল্পে কয়েকশো কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি করবে। প্রথমেই এর সুফল পেতে পারে ওয়েস্টিংহাউস। মার্কিন কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হওয়া অনেক পারমাণবিক চুল্লির নকশা তৈরি করে থাকে। দুই মার্কিন কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর শীঘ্রই মার্কিন কংগ্রেসের সামনে এর বিস্তারিত তুলে ধরা হবে। আর এই চুক্তির পরই উদ্বেগে পড়েছে ইজরায়েল।
চুক্তিটি রিপাবলিকান পার্টির অনেক সদস্যের সমর্থন পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ডেমোক্রেটিক ও রিপাবলিকান, উভয় দলের কিছু আইনপ্রণেতা এবং ইজরায়েলের কর্মকর্তারা এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে।
এই চুক্তি নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। জো বাইডেন প্রশাসনের সময় এটি একটি বৃহত্তর কূটনৈতিক রাজনীতির অংশ হিসেবে বিবেচিত হয়েছিল। এর শর্ত ছিল, সৌদি আরব ইজরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। তবে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর প্য়ালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইজরায়েলে হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইজরায়েল। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা-সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতার প্রস্তাব থেকে ইজরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্তটি সরিয়ে দেন।
সৌদি-আমেরিকা পারমাণবিক চুক্তিটি কার্যকর হওয়ার আগে তা মার্কিন কংগ্রেসের পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে। আমেরিকার অ্যাটমিক এনার্জি অ্যাক্ট অনুযায়ী, কংগ্রেস চাইলে এর বিরুদ্ধে আপত্তির প্রস্তাবে ভোটাভুটি করতে পারে। তবে চুক্তিটি অনুমোদন পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, ট্রাম্পের সিদ্ধান্ত ঠেকাতে হলে কংগ্রেসকে প্রেসিডেন্টের ভেটো অতিক্রম করার মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে।
















