আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের সঙ্গে চলতি সংঘাতের মাঝেই ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। শুক্রবার ফের ইজরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কিন্তু সেখানেই রয়েছে চমক।
যে মিসাইলগুলি ছোঁড়া হয়েছে সেগুলির গায়ে তেহরানের প্রতি সংহতি জানানো বিভিন্ন দেশের মানুষের উদ্দেশে বার্তা লিখে পাঠানো হয়েছে। তার মধ্যেই ছিল, ‘Thank you to people of India’।
এই একই ধরনের বার্তা স্পেন, পাকিস্তান এবং জার্মানির মানুষের উদ্দেশেও লেখা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গিয়েছে।
জানা গিয়েছে, জটিল পরিস্থিতি চলাকালীন যে সমস্ত দেশ ইরানের পাশে দাঁড়িয়েছিল তাঁদের প্রতি ধন্যবাদ জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের এরোস্পেস ফোর্সের কর্মীরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে সেখানে এই বার্তা লিখেছেন।
ইরানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানায়, শুক্রবার ইজরায়েলে দীর্ঘ ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়।
লক্ষ্য ছিল ইজরায়েলের বিভিন্ন এলাকা, পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ব্যবহৃত একাধিক সামরিক ঘাঁটি। ইরানের সংবাদমাধ্যমের দাবি, বাহরিনে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যবস্থার একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রও এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
এই পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহ নিয়ে কথা হয়েছে। বেশ কিছু বিষয়ে মোদিকে আশ্বস্তও করেছেন ট্রাম্প। এরপরেই পাল্টা চাল ইরানের। ভারতের জন্য হরমুজ প্রণালী খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান।
ভারত ছাড়াও হরমুজ প্রণালী খোলা থাকবে চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাকের জন্য। বুধবার গভীর রাতে এই কথা জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি।
ইরান অবশ্য আগেই জানিয়েছিল, তাদের সঙ্গে শত্রুতা নেই, এমন দেশের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজি তারা। তবে কোন কোন দেশ সেই তালিকায় রয়েছে, তা তখনও স্পষ্ট ছিল না। বুধবার আবার খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানমুখী একটি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার সময়ে বাধার মুখে পড়েছে।
তেহরান জানাল, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। ইরানের সরকারি টেলিভিশনে আরাঘচি বলেছেন, ‘হরমুজ প্রণালী একেবারে বন্ধ নেই। ইরানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, এমন বেশ কিছু দেশের জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।’
আরাঘচি এরপরই যোগ করেন, ‘নিরাপদে জাহাজ চলাচলের জন্য বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে কয়েকটি দেশকে আমরা বন্ধু বলে মনে করি। সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী সেই জাহাজগুলিকে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে। তার মধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতের জাহাজ রয়েছে। কয়েক দিন আগে ভারতের দু’টি জাহাজ এই পথ দিয়ে গিয়েছে। সম্ভবত বাংলাদেশের জাহাজও হরমুজ প্রণালী দিয়ে যাবে।’
















