আজকাল ওয়েবডেস্ক: ছড়িয়ে ছিটিয়ে দেহ। মৃত্যু মিছিল। সর্বভারতীয় সংবাদ  মাধ্যম সূত্রে খবর, তালেবান দাবি করেছে পাকিস্তান কাবুলের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। তাতে মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের। আহত অন্তত ২৫০। তথ্য, যে হাসপাতালে এই হামলা চালানো হয়েছে, সেটি মূলত নেশামুক্তি কেন্দ্র। ফলে বছরভর সেখানে ভিড় থাকে। সেখানেই হামলা চলেছে বলে অভিযোগ। 

মঙ্গলবার ভোরে তালেবানের এক মুখপাত্র ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের উপ-সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, স্থানীয় সময় রাত ৯টার দিকে ওই হাসপাতালটিতে বিমান হামলা চালানো হয়। তথ্য, ওই হাসপাতালটি প্রায় ২,০০০ শয্যার। তারই একটি বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে 'ভিত্তিহীন' বলে অভিহিত করেছে এবং বলেছে যে কাবুলের কোনও হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। তাদের দাবি, কাবুলে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানোই লক্ষ্য ছিল, একাধিক প্রতিবেদন সূত্রে তথ্য তেমনটাই। 

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়েছেন । তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট  করে জানিয়েছেন, 'পাকিস্তানি সামরিক শাসন আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে চিকিৎসাধীন মাদকাসক্তদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।' 

তিনি আরও বলেন, 'আমরা এই অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের কাজকে সমস্ত স্বীকৃত নীতির পরিপন্থী ও মানবতাবিরোধী অপরাধ বলে মনে করি।' 

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানি সামরিক বাহিনী কাবুল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই, দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান-আফিগানিস্তান।