আজকাল ওয়েবডেস্ক: অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের কন্যা ইভ জোবস খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলিট হ্যারি চার্লসের সঙ্গে। জানা গিয়েছে, ব্রিটেনের কাউন্টিসাইড ‘কটসওল্ডস’-এ এই রাজকীয় বিয়ের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। ইতিমধ্যেই ইভের বিবাহ ‘ওয়েডিং অফ দ্য ইয়ার’ হিসেবে পরিচিতি পেয়েছে। ২৬ বছর বয়সী ইভ জোবস পেশায় একজন মডেল।

২০২১ সালে ফ্যাশন ব্র্যান্ড কপার্নির মাধ্যমে র‌্যাম্পে অভিষেক ঘটেছিল তাঁর। অন্যদিকে, ইভের হবু স্বামী হ্যারি চার্লস একজন অভিজ্ঞ ঘোড়দৌড় (ইকুয়েস্ট্রিয়ান) খেলোয়াড়। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ব্রিটিশ শো জাম্পিং দলে সোনা জয় করেন তিনি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক চলাকালীনই এই যুগল তাঁদের সম্পর্কের কথা সকলের সামনে এনেছিলেন।

ডেইলি মেইলের এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, আগামী আগস্ট মাসে এই জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠিত হবে। তবে বিয়ের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু প্রস্তুতি চলছে জোরকদমে। কটসওল্ডস সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য ও বিশিষ্ট ব্যক্তিদের অবসর সময় কাটানোর জায়গা হিসেবে পরিচিত। এখানে ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের মতো তারকারাও বাড়ি কিনে রেখেছেন।

ইভের বিয়েতে বিশ্বের একাধিক শিল্পপতি সহ বিশিষ্ট ব্যক্তিদের দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। যদিও নিমন্ত্রিতদের তালিকা প্রকাশ্যে আসেনি এখনও। তবে বিশ্বের একাধিক বিলিওনেয়ার, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সম্ভাব্য রাজপরিবারের সদস্যদের উপস্থিতি প্রত্যাশিত। ইভের ঘনিষ্ঠ বন্ধু বিল গেটসের কন্যা জেনিফার গেটসও আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন। এমনকি প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইভের মা লরিন পাউয়েল জবসের ঘনিষ্ঠ বন্ধু। তিনিও উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।