আজকাল ওয়েবডেস্ক : জার্মানিতে আবারও ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা। সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে শুক্রবার সন্ধ্যেবেলা এই হামলার ঘটনা ঘটেছে। এর জেরে ২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।
হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের এক নাগরিককে আটক করেছে। পুলিশ জানিয়েছে, তিনি ২০০৬ সালে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। তিনি সম্প্রতি বার্নবার্গে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। তাঁর বয়স ৫০ বছর। তার নাম তালেব। তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসাবেও কাজ করে থাকেন। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।
২৫ ডিসেম্বর বড়দিনের আগে ইউরোপজুড়ে ছোট–বড় শহরে ‘ক্রিসমাস মার্কেট’ প্রাচীন ঐতিহ্য। বড়দিনের আগে উৎসবমুখর পরিবেশে এসব মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেকজাতীয় খাবার বা মিষ্টান্ন ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। চলে নানা ধরণের সংগীতানুষ্ঠান।
শুক্রবার সন্ধ্যেয় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ জমজমাট হয়ে উঠেছিল। সন্ধ্যা ৭টার কিছু পরেই একজন গাড়িচালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরে প্রায় ৪০০ মিটার পথ জোরে গাড়ি চালিয়ে নিয়ে যান। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ আরও জানিয়েছে, এই হামলাকারী জঙ্গি কিনা, সে বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। তবে তদন্ত চলছে। হামলার ঘটনার পর ম্যাগডেবুর্গ পুলিশ এলাকাটি ঘেরাও করে রাখে।
ম্যাগডেবুর্গ শহরের মেয়র সিমোন বোরিস বলেছেন, এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি ভাবতেই পারেননি যে ম্যাগডেবুর্গ শহরে এমন একটি ঘটনা ঘটবে।
