আজকাল ওয়েবডেস্ক: মার্কিন র‍্যাপ তারকা Cardi B-কে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। ‘লিটল মিস ড্রামা’ ট্যুরের এক কনসার্টে তাঁর একটি অঙ্গভঙ্গির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সেই শো-তে পারফর্ম করতে করতেই তিনি শরীরের নিম্নাংশের কাছে ইঙ্গিতপূর্ণ ভঙ্গি করেন, যা অনেকের চোখে অশালীন বলে মনে হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “finally got to see Cardi B’s guitar solo up close” — যা ঘিরে নেটমাধ্যমে হাস্যরস যেমন হয়েছে, তেমনই ক্ষোভও উগরে দিয়েছেন অনেকে।

বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে Complex ও Fox Bangor-এর মতো সংবাদমাধ্যম। এক রাজনৈতিক ভাষ্যকার ভিডিওটি শেয়ার করে লেখেন, “এতে যদি ভুল কিছু না দেখেন, তাহলে সমস্যার অংশ আপনিও। তিনি একজন মা। বিশ্বমঞ্চে, শিশুদের সামনে এভাবে আচরণ লজ্জাজনক।” আরেকজনের মন্তব্য, “মা হওয়ার পর এমন আচরণ মানায় না।” বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন, অনুষ্ঠানে যদি অপ্রাপ্তবয়স্ক দর্শক থাকে, তবে এই ধরনের অঙ্গভঙ্গি কতটা গ্রহণযোগ্য?

&t=21s

অন্যদিকে সমর্থকদের যুক্তি, কার্ডি বি বরাবরই সাহসী ও উগ্র মঞ্চ-ব্যক্তিত্বের জন্য পরিচিত। তাঁর পারফরম্যান্সে যৌনতা ও নাটকীয়তার উপস্থিতি নতুন নয়। কেউ কেউ মজা করে লিখেছেন, “আমরা তো রকস্টারকেই দেখলাম!”

এই বিতর্কের মাঝেই চলছে তাঁর ‘লিটল মিস ড্রামা’ ট্যুর, যা ১১ ফেব্রুয়ারি ২০২৬-এ পাম ডেজার্ট থেকে শুরু হয়ে ১৭ এপ্রিল আটলান্টায় শেষ হওয়ার কথা। ফিনিক্সে আসন্ন শো ঘিরেও উত্তেজনা রয়েছে। সমালোচনার জবাবে কার্ডি বি এক্স-এ লিখেছেন, তাঁর কনসার্টে এলে সব দুশ্চিন্তা ভুলে দু’ঘণ্টা “নিজের জীবনের সেরা সময়” কাটানোর আহ্বান জানান তিনি।

এর আগেও রাজনৈতিক বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন এই র‍্যাপার। তবে সাম্প্রতিক ঘটনায় তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন— সমালোচনা থাকলেও নিজের পারফরম্যান্সের ধরন বদলাবেন না। শিল্পীর স্বাধীনতা আর সামাজিক দায়িত্বের সীমারেখা নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু কার্ডি বি-কে ঘিরে এই বিতর্ক আবারও সেই প্রশ্নটাই সামনে এনে দিল।