আজকাল ওয়েবডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক চমৎকার উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ দেশ সফরের শেষ পর্বে রোমে পৌঁছে মেলোনির হাতে তিনি তুলে দিলেন এক প্যাকেট ‘পার্লে-র মেলোডি’ চকোলেট। দুই দেশের প্রধানমন্ত্রীর এই বন্ধুত্বকে নেটিজেনরা ভালোবেসে ‘মেলোডি’ নাম দিয়েছেন।
সামাজিক মাধ্যমে এই চকোলেট নেওয়ার ভিডিওটি শেয়ার করেছেন ইতালির প্রধানমন্ত্রী নিজেই। মেলোনি লিখেছেন, “উপহারের জন্য ধন্যবাদ।” ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে চকোলেটের প্যাকেট নিয়ে মোদি ও মেলোনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল এই ভিডিও।
ভিডিওটিতে মেলোনিকে হাসতে হাসতে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদি উপহার হিসেবে খুব, খুব ভালো একটা টফি এনেছেন।”
আসলে মেলোনি এবং মোদি- এই দুই নাম মিলিয়েই তৈরি হয়েছে ‘মেলোডি’ শব্দটি। আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন সময়ে তাঁদের বন্ধুত্বপূর্ণ মুহূর্তের নানা ভিডিও এবং মিম ইন্টারনেটে কোটি কোটি মানুষ দেখেছেন। গত ২০২৫ সালের জুন মাসে জি-৭ সম্মেলনের সময়ে মোদির সঙ্গে একটি সেলফি ভিডিও পোস্ট করে মেলোনি নিজেই লিখেছিলেন, “মেলোডি টিমের পক্ষ থেকে নমস্কার।”
ওয়াকিবহাল মহলের মতে, এই 'বন্ধুত্বের' পেছনে রয়েছে এক গভীর আন্তর্জাতিক সম্পর্ক। ইন্টারনেট ট্রেন্ডের আড়ালে ইউরোপ, বিশেষ করে ইতালি এখন ভারতের অন্যতম প্রধান বন্ধু দেশ হিসেবে উঠে এসেছে। ‘ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোর’ তৈরির লক্ষ্যে দুই দেশই একযোগে কাজ করছে।
মঙ্গলবার রোমে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদি প্রথমে মেলোনির সঙ্গে নৈশভোজে যোগ দেন। এরপর দুই রাষ্ট্রপ্রধানকে একসঙ্গে রোমের বিখ্যাত কলোসিয়াম ভ্রমণ করতে দেখা যায়। সেখানে দাঁড়িয়েই নানা বিষয়ে গভীর আলোচনা সারেন তাঁরা।
পরে এক্স হ্যান্ডেলে কলোসিয়াম সফরের ছবি দিয়ে মোদি লেখেন, “রোমে নেমেই প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজ এবং ঐতিহাসিক কলোসিয়াম দেখার সুযোগ হলো। অনেক বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকের বৈঠকের দিকে তাকিয়ে আছি। ভারত-ইতালি বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে।”
এই সফরে ইতালীয় চিত্রশিল্পী জিয়াম্পাওলো তোমাসেত্তিরও প্রশংসা করেন মোদি। তোমাসেত্তি প্রধানমন্ত্রীকে বারাণসী তথা পবিত্র কাশী শহরের একটি অসাধারণ ছবি উপহার দেন। ভারতীয় সংস্কৃতির প্রতি এই শিল্পীর ভালোবাসার কথা জানিয়ে মোদি বলেন, তোমাসেত্তি গত কয়েক দশক ধরে বৈদিক সংস্কৃতি ও মহাভারতের গল্পকে ওঁর ক্যানভাসে ফুটিয়ে তুলছেন।
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “রোমের বুকে কাশীর এক ঝলক! চিত্রশিল্পী জিয়াম্পাওলো তোমাসেত্তি বারাণসীর ওপর তাঁর একটি কাজ উপহার দিয়েছেন। ভারতীয় সংস্কৃতির প্রতি ওঁর টান চার দশকেরও বেশি পুরনো। আশির দশকে বৈদিক সংস্কৃতির বইয়ের ছবি এঁকে ওঁর কাজ শুরু। এরপর ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে মহাভারতের ওপর ২৩টি বড় ছবি এঁকেছেন তিনি।”
এই দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিবেশবান্ধব শক্তি, বিজ্ঞান-প্রযুক্তি এবং দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনের মতো একাধিক ক্ষেত্রকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।















