আজকাল ওয়েবডেস্ক: ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার মাত্র দু’ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে সংযুক্ত আরব আমিরশাহি যান এবং সেখানে পেট্রোলিয়াম ও এলপিজি সরবরাহ-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। মোদির আমিরাত সফরটি ছিল চলতি বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরেরই প্রতিচ্ছবি।

মোদির সফরকালে ভারত ও আমিরশাহির মধ্যে যে সকল চুক্তি স্বাক্ষরিত হল-

  • ভারত ও সংযুক্ত আরব আমিরাহির মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের কাঠামো নিয়ে চুক্তি
  • কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত সমঝোতা স্মারক
  • তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ সংক্রান্ত চুক্তি
  • গুজরাটের ভাদিনারে জাহাজ মেরামত ক্লাস্টার স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক
  • ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার, আরবিএল ব্যাঙ্ক এবং সম্মান ক্যাপিটালে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

কেন এই চুক্তিগুলি গুরুত্বপূর্ণ

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বিশেষত স্বাক্ষরের সময়ের কারণে গুরুত্বপূর্ণ। এলপিজি সরবরাহ এবং পেট্রোলিয়াম মজুদ সংক্রান্ত এই চুক্তিগুলি এমন এক সময়ে হয়েছে যখন দেশ জ্বালানি সঙ্কট এবং পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে পেট্রল ও ডিজেলের বর্ধিত মূল্যের সঙ্গে লড়াই করছে। 

কিছুদিন আগে মোদি গোটা দেশকে জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। যার মধ্যে ছিল বাড়ি থেকে কাজ করা, কারপুলিং এবং গণপরিবহনকে প্রাধান্য দেওয়া। তিনি ভারতীয়দের প্রায় এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকতে এবং বিদেশভ্রমণে না যেতে আহ্বান জানান। তিনি এই আবেদনটিকে জাতীয় গুরুত্বসম্পন্ন ও দেশপ্রেমের কর্তব্য হিসেবে পেশ করেন। প্রধানমন্ত্রীর আহ্বানের মাত্র কয়েকদিন পরেই, শুক্রবার, ১৫ মে ভারতের তেল কোম্পানিগুলি পেট্রল ও ডিজেলের দাম ৩ টাকা করে বাড়িয়েছে। 

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ, যার ফলে অভ্যন্তরীণ প্রয়োজনে দেশকে এই জ্বালানির সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালানোর পর পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়। তার মাত্র কয়েক সপ্তাহ পরেই হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ হয়ে যাওয়ায় ভারতের এলপিজি সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছে।