আজকাল ওয়েবডেস্ক: পোষ্য কুকুরের সঙ্গে খেলাধুলা। আদর করে স্রেফ চেটে দিয়েছিল পোষ্য সারমেয়। এর জেরেই এক মহিলার ভয়ঙ্কর পরিণতি হল। যা ভাবতে পারেননি কেউ। ছ'বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই মহিলা। এমনকী বাদ গেছে একাধিক অঙ্গ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ৫২ বছর বয়সি ওই মহিলার নাম, মনজিৎ সঙ্ঘ। ৩২ সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে বাড়িতে ফিরেছেন। এখনও পুরোপুরি স্থিতিশীল নন তিনি।
জানা গেছে, ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের জুলাই মাসে। অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন ওই মহিলা। পরদিন সকালেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ক্রমেই তাঁর হাত, পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। ঠোঁট নীল হয়ে গিয়েছিল। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।
মহিলার স্বামী জানিয়েছেন, শনিবার পোষ্য কুকুরের সঙ্গে খেলাধুলা করছিলেন তিনি। তাঁর ছোট্ট ক্ষতস্থানে চেটে দিয়েছিল কুকুর। রবিবার কাজ থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। সোমবার থেকে তিনি কোমায় চলে যান। এরপর নিউ ক্রস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, মহিলার সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর ছ'বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। এমনকী হাঁটু থেকে পা এবং দুই হাত বাদ দেওয়া হয়।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, ওই মহিলা সেপসিসে আক্রান্ত। ক্ষতস্থানে কুকুর চেটে দিতেই, সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। প্লীহাও বাদ দিতে হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মনজিৎ।
বাড়ি ফেরার পর মন্দির বলেছেন, 'বিষয়টা মেনে নেওয়া খুব কঠিন। আমি আবার নিজের পায়ে হাঁটতে চাই।' কৃত্রিম অঙ্গের জন্য ইতিমধ্যেই তাঁরা একটি তহবিল সংগ্রহ শুরু করেছেন। যাতে কৃত্রিম পা ও হাতের সাহায্যে আগের জীবনে ফিরতে পারেন তিনি।
