আজকাল ওয়েবডেস্ক: আকাশপথে যাত্রায় দিনে দিনে যা ভয়াবহ ঘটনা সামনে আসছে, তাতে একঅংশের মানুষ আকাশ পথে যাত্রা করতেও ভয়ে কাঁপছেন রীতিমতো। ১২ জুনের ঘটনা থেকে ধরলেও, জুন-জুলাই জুড়ে ভারত এবং ভারতের বাইরের একাধিক বিমান নানা ভাবে দুর্ঘটনার কবলে পড়েছে। কখনও সরাসরি দুর্ঘটনা। কখনও আবার সম্মুখীন হয়েছে নানা জটিল সমস্যার।
ভারতীয় সময় রবিবার সকালে ভাইরাল একটি বিমানবন্দরের ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ভিডিওতে দেখা গিয়েছে, ওই বিমানের লেজের দিকের অংশ জ্বলছে দাউদাউ করে। চারপাশে কালো ধোঁয়া। যাত্রীরা বেরিয়ে আসছেন বিমান থেকে প্রাণ হাতে নিয়ে। দৌড়তে গিয়ে কেউ বা বিমানবন্দরেই আছাড় খাচ্ছেন।
ভাইরাল ভিডিওতে যে বিমানবন্দর দেখা যাচ্ছে, কোন জায়গার তা? সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাস্থল ডেনভার বিমানবন্দর। শনিবার আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে উড়ানের ঠিক আগের মুহূর্তেই রানওয়েতেই বিমানটি জ্বলে যায়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ বিমানটি উড়ান বাতিল করা হয়। ওই বিমানে অন্তত ১৭৩জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বিমানে আগুন লাগার ঘটনার পরেই, তাঁদের সকলকে নিরাপদে বাইরে আনা হয়েছে, তেমনটাই খবর একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে। জানা গিয়েছে একজন যাত্রী ঘটনায় আহত হয়েছেন।
জানা গিয়েছে, ওই বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান পরিচালিত AA-3023 উড়ানের গন্তব্য ছিল মিয়ামি। যে ভিডিওটি ছড়িয়ে পরেছে তাতে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে, বিমানের টায়ারে রক্ষণাবেক্ষণের সমস্যার কারণেই এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে, কালো ধোঁয়ায় ঢাকা চারপাশ। তারমাঝেই হড়বড় করে বিমান থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা। কেউ কেউ তাড়াহুড়োয় পিছলে পড়ে গিয়েছেন, সেই মুহূর্তও দকেহা গিয়েছে ভাইরাল ফুটেজে।
????#BREAKING: Watch as People evacuate from a American Airlines jet after a left main wheels caught fire
— R A W S A L E R T S (@rawsalerts)
????#Denver | #Colorado
Watch as passengers and crew evacuate American Airlines Flight 3023, a Boeing 737 MAX 8, at Denver International Airport. The Miami-bound jet was forced… pic.twitter.com/RmUrXYj5JpTweet by @rawsalerts
ঘটনা প্রসঙ্গে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২:৪৫ টার দিকে ডেনভার বিমানবন্দর থেকে যাত্রা করার সময় বিমানটি সম্ভাব্য ল্যান্ডিং গিয়ারের দুর্ঘটনার কথা জানায়। তৎক্ষণাৎ যাত্রীদের রানওয়ে থেকে সরিয়ে বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। ডেনভার বিমানবন্দর, একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে যে বিমানটি রানওয়েতে থাকা অবস্থায় এই ঘটনাটি ঘটেছিল; বিমানবন্দরের ফার্স্ট রেসপন্ডার এবং ডেনভার ফায়ার ডিপার্টমেন্টকে সতর্ক করা হয়েছিল এবং যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনার তদন্ত চালাবে তারা। উল্লেখ্য, স্থানীয় সময় শনিবারে, ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট বিকেল ৫:১০ টার দিকে ঘোষণা করে, আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারের টায়ারে রক্ষণাবেক্ষণের সমস্যা দেখা দিয়েছে। সঙ্গেই জানিয়েছে, ‘সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এবং আমাদের রক্ষণাবেক্ষণ দল পরিদর্শনের জন্য বিমানটিকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।‘
















