আজকাল ওয়েবডেস্ক: সম্ভাবনা বাড়ছে, যুদ্ধের। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর গলায় আশঙ্কা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
এর আগেই, সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, 'গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে ভারত।'
এক জরুরি সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আতাউল্লাহ জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যে ভারতীয় সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, 'আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। ভারতের যে কোনও পদক্ষেপের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।'
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, বিভিন্ন দেশ, ভারত-পাক, দুই দেশের মধ্যবর্তী উত্তেজনা কমানোর চেষ্টা চললেও, সংঘর্ষের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে তিনি বলেন, ‘যদি ভারতের পক্ষ থেকে কোনও নিয়ম লঙ্ঘন করা হয়, আমরা প্রতিক্রিয়া জানাব এবং আমাদের প্রতিক্রিয়ার প্রকৃতি ভারতীয় পদক্ষেপের দ্বারা নির্ধারিত হবে।‘
