আজকাল ওয়েবডেস্ক: জেন জি বিক্ষোভের পর নেপালে প্রথম ভোট মিটল। ভোট পড়ল প্রায় ৬০ শতাংশ। এর আগে ২০২২ সালে নেপালে ভোটের হার ছিল ৬১.৬৩ শতাংশ। তবে এবার, কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেপালে বৃহস্পতিবার ভোটদানের হার ছিল প্রায় ৬০ শতাংশ। নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে সে কথা জানিয়েছে তারা।
এবারের ভোটে গুরুত্বপূর্ণ ভোটদাতাদের মধ্যে ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মী ওলি। ছাত্র–যুবদের বিক্ষোভের জেরে গত সেপ্টেম্বরে পদত্যাগ করতে হয়েছিল তাঁকে। ভোট দিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কী। ভোট দিয়ে তিনি জানান, ‘আমার দায়িত্ব শেষ হল।’ ‘জেন জি’ বিক্ষোভের জেরে সরকার পতনের তিন দিন পরে, ১২ সেপ্টেম্বর সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। এছাড়াও ভোট দিয়েছেন নেপালের শীর্ষ নেতারা।
প্রসঙ্গত, নেপালের জেন জির বড় অংশের পছন্দ প্রাক্তন গায়ক তথা রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। গত সেপ্টেম্বরে জেন জির আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তিনি। এবার ঝাপা–৫ আসনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল)–এর প্রধান কেপি শর্মা ওলির বিরুদ্ধে লড়ছেন বলেন্দ্র। তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ২০২২ সালের সাধারণ নির্বাচনে চতুর্থ স্থানে ছিল। সাধারণ নির্বাচনের আগেই সে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের অন্দরে অভ্যুত্থান ঘটিয়ে প্রবীণ প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে সভাপতি পদ থেকে সরিয়েছিলেন ৪৯ বছরের গগন থাপা। তিনিও এবার প্রধানমন্ত্রিত্বের দৌড়ের অন্যতম মুখ। লড়াইয়ে রয়েছেন প্রাক্তন মাওবাদী গেরিলা নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডও। নেপালি কমিউনিস্ট পার্টির প্রধান পূর্ব রুকুম আসন থেকে ভোটে লড়ছেন। জেন জির আন্দোলনে ওলি সরকারের পতনের পর দফায় দফায় রাজতন্ত্রের প্রত্যাবর্তনের দাবিতে নেপালে আন্দোলন করেছে রাজেন্দ্র লিংডেনের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। এবার তাঁর দিকেও নজর রয়েছে ভোট–পণ্ডিতদের।
এটা ঘটনা, প্রায় ৬৫টি দল নির্বাচনে যোগ দিলেও লড়াই মূলত চারটি দলের মধ্যে। এই দলগুলি হল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল), আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডর নেপালি কমিউনিস্ট পার্টি, গগনকুমার থাপার নেপালি কংগ্রেস এবং বলেন্দ্র শাহ–র রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি।
ভোট শেষ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা।
