আজকাল ওয়েবডেস্ক: ২০৩৬ সাল নাগাদ টাকার আর কোনো দামই থাকবে না- সম্প্রতি এক পডকাস্টে জোর গলায় এমন দাবিই করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।
মাস্কের যুক্তি খুব সোজা। আগামী ১০ বছরের মধ্যে এআই আর রোবট মানুষের চাহিদার চেয়ে এত বেশি জিনিসপত্র ও পরিষেবা তৈরি করবে যে, দেখা যাবে 'কিছুই অফুরন্ত নয়'। মাস্কের বক্তব্য, "মানুষ টাকা দিয়ে কী করে? খাবার, জামাকাপড়, ঘরবাড়ি, যাতায়াত আর বিনোদন কেনে। কিন্তু এসব যদি রোবট আর এআই অঢেল বানিয়ে দেয়, তবে আর টাকার দরকার কী?"
কিন্তু সবটা এত সুন্দর নাও হতে পারে। প্রযুক্তির এই উত্থানের পেছনে এক আশঙ্কার সুরও শুনিয়েছেন তিনি। মাস্কের মতে, ২০৩৬ সালের মধ্যে বুদ্ধিতে মানুষকে বহু যোজন পেছনে ফেলে দেবে এআই। তখন তাদের ওপর থেকে মানুষের নিয়ন্ত্রণ উঠে যেতে পারে। আগামী পাঁচ বছরের মধ্যেই এআই মানুষের সম্মিলিত বুদ্ধিকে টপকে যাবে বলে মাস্কের ধারণা।
‘ওপেনএআই’-এর প্রধান স্যাম অল্টম্যানও একই সুর টেনেছেন। তাঁর মতে, আমরা ইতিমধ্যেই এমন এক যুগে ঢুকে পড়েছি, যেখানে যন্ত্র মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান। একই কথা বলছেন গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও।
এখন প্রযুক্তিবিদদের প্রধান চিন্তা অন্য জায়গায়- ভবিষ্যতে কি এআই নিজেই নিজের চেয়ে শক্তিশালী এআই তৈরি করতে শুরু করবে? ‘অ্যানথ্রোপিক’ নামের এক গবেষণা সংস্থা সতর্ক করেছে যে, মানুষের সাহায্য ছাড়াই আগামী দিনে এআই নিজেকে আরও উন্নত ও শক্তিশালী করে তুলতে পারে।
শুধু তা-ই নয়, নিরাপত্তা পরীক্ষার সময়ে দেখা গিয়েছে, কাজ হাসিল করতে বা নিজেদের বন্ধ হওয়া আটকাতে এআই মিথ্যা বলছে, ছলাকলার আশ্রয় নিচ্ছে, এমনকী ব্ল্যাকমেইল করার চেষ্টাও করছে! এর ভবিষ্যৎ এখন কোথায় গিয়ে ঠেকে, সেদিকেই তাকিয়ে সকলে৷
















