আজকাল ওয়েবডেস্ক: বাইরে মিসাইল ভিতরে মিম! সমাজমাধ্যমে তৈরী হয়েছে অন্য এক যুদ্ধক্ষেত্র! একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র টপকে যাচ্ছে হরমুজ প্রণালী, অন্যদিকে আমেরিকা তেহরানে চালাচ্ছে হামলা। আর এদিকে সমাজমাধ্যমে চলছে ব্যঙ্গ, রসিকতা।
২৮ ফেব্রুয়ারি থেকে চলতে থাকা আমেরিকা-ইজরায়েল-ইরানের যুদ্ধ এবার পা দিল ২৪ দিনে। সোমবার সেই যুদ্ধে ৫ দিনের বিরতি ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সঙ্গে টানা দু’দিনের আলোচনা শেষে প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু, ইরান সেই বক্তব্য সরাসরি অস্বীকার করেছে। কাবুলে অবস্থিত ইরানের দূতাবাস, সমাজমাধ্যমের একটি পোস্টে সরাসরি জানান, “ইরানের সতর্কবার্তা পেয়ে ট্রাম্প পিছু হটছেন।”
এরপরেই সমাজমাধ্যম কার্যত ভেসে গেল ব্যঙ্গ রসিকতায়। ট্রাম্প ও আমেরিকার এই পিছিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ছে একের পর এক মিম। দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস সমাজমাধ্যমে পোস্ট করছে একটা ছবি। যেখানে হরমুজ প্রণালী দিয়ে ভেসে যাচ্ছে আমেরিকার পতাকায় মোড়া কিছু কফিন। ক্যাপশনে লেখা, ‘এটাই একমাত্র আমেরিকান জিনিস যা হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে।’ তবে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা দক্ষিণ আফ্রিকার সরকার, এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
আবার প্রিটোরিয়ার দূতাবাসও একটি মিম পোস্ট করেছে। থাই জাহাজে ইরানি হামলার প্রসঙ্গে একটি ছবি, যেখানে দেখান হচ্ছে একজন ক্রু ভয়ে পালাচ্ছে। দেখে মনে হচ্ছে আমেরিকা যেন এভাবে ভয় পেয়ে পালাচ্ছে। কিন্তু এমন একটি পোস্টের জন্য থাইল্যান্ডবাসিরা ক্ষুব্ধ হন এবং সরকারিভাবে এই মিমকে ঘিরে আপত্তি ওঠে। ফলে ইরানের দূতাবাস এই পোস্টটি ডিলিট করে দেয়। পরে দূতাবাস থেকে ক্ষমা চাওয়া হয়। বলা হয়, পোস্টটির মাধ্যমে থাইল্যান্ডকে কোনওভাবে আঘাত করতে চাওয়া হয়নি। সমস্যা তৈরী হয়ে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা যাবে না, সেটাই বোঝাতে চাওয়া হয়েছিল।
এদিকে এই ইন্টারনেট-যুদ্ধের উত্তেজনা পৌঁছায় ইউক্রেইন অবধিও। প্রেসিডেন্ট জেলেনস্কি নওরোজ উপলক্ষে একটি বার্তায় রাশিয়ার প্রসঙ্গ তুলে ইরানের নেতৃত্বের সমালোচনা করেন। এই বার্তার প্রতিক্রিয়ায় দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস ইউক্রেন ও আমেরিকাকে ‘ক্লাউন অ্যান্ড ফুলস’ বলে অভিহিত করে। তারপর তারা একটি মিম শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে বিখ্যাত কার্টুন টম অ্যান্ড জেরির একটা দৃশ্য। টম, প্রতিবেশী কুকুর ববকে গাছের গুঁড়িতে বেঁধে একটা নির্দিষ্ট দূরত্বের দাঁড়িয়ে সমানে তাকে মেরে চলেছে। বব হিংস্র হয়ে উঠছে বটে, তবে বাঁধা থাকার কারণে কিছুই করতে পারছে না। এখানে টম বা বেড়ালটিকে ইরান হিসাবে দেখান হয়েছে, আর বব বা কুকুরটিকে দেখান হয়ছে আমেরিকা হিসাবে।
এই ঘটনার আগে ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালী যদি বিশ্বের জন্য খুলে না দেওয়া হয়, তাহলে আমেরিকা ইরানের জ্বালানি পরিকাঠামোগুলোকে কেন্দ্র করে আক্রমণ চালাবে। সেই হুমকির প্রেক্ষিতেই ইরানের পালটা হুঁশিয়ারি, আমেরিকার সামগ্রিক জ্বালানি পরিকাঠামোকে আক্রমণের কেন্দ্র করবে তারা। তারপরেই ট্রাম্পের এই ৫ দিনের যুদ্ধ বিরতির সিদ্ধান্ত। ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে দীর্ঘ দু’দিনের আলোচনা শেষে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।
ইরান ট্রাম্পের এই বক্তব্য একেবারেই উড়িয়ে দিয়েছে। সর্বভারতীয় সংবাদপত্রের এক প্রতিবেদন অনুযায়ী ইরান জানায়, যে আমেরিকাকে ইরান সতর্ক করেছিল। আমারিকার তরফ থেকে তাদের জ্বালানি পরিকাঠামোর উপরে কোনও রকমের আক্রমণ যদি করা হয়ে থাকে, তাহলে আমেরিকার সমগ্রিক জ্বালানি পরিকাঠামোকে লক্ষ করে ইরান হামলা করবে। ইরানের দাবি, এই তীব্র হুঁশিয়ারির পরেই ট্রাম্প পিছিয়ে গিয়েছেন এবং আপাতত আক্রমণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
