আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের সবচেয়ে বড় অপরিশোধিত তেল শোধনাগার কেন্দ্রটি সোমবারের ড্রোন হামলায় প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এমনই তথ্য জানিয়েছেন বিশ্লেষকেরা। পাশাপাশি ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে খবর, উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তাও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে আবকাইক তেল শোধনাগার কমপ্লেক্স থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। একই সঙ্গে স্থাপনাটির কিছু অংশের চারপাশে পোড়া দাগ ও ক্ষয়ক্ষতির চিহ্ন লক্ষ্য করা গেছে। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি এই হামলার দায় স্বীকার করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সংবেদনশীল কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি এই হামলার দায় স্বীকার করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সংবেদনশীল কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সারি সরাসরি ওই তেল শোধনাগারের নাম উল্লেখ না করলেও তাঁর দেওয়া বিবরণটি আবকাইক কেন্দ্রের সঙ্গেই মিলে যায়। এই কেন্দ্র মূলত সৌদি আরবের পূর্ব দিকের তেলক্ষেত্রগুলোর সঙ্গে লোহিত সাগরের ইয়ানবু রপ্তানি টার্মিনালকে যুক্ত করেছে।
এদিকে সৌদি আরব তাদের পূর্বাঞ্চলীয় তেল অবকাঠামোয় হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছে। তবে এই ঘটনার জন্য তারা ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত মিলিশিয়া বা সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত এই আবকাইক হল বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার কেন্দ্র। বিশ্বে দৈনিক যত অপরিশোধিত তেল কেনাবেচা ও ব্যবহার করা হয়, তার শতকরা ৫ ভাগ একাই এই ‘আবকাইক’ শোধনাগার থেকে প্রক্রিয়াজাত বা ব্যবহারের উপযোগী করে অন্য দেশে পাঠানো হয়।
















